
বাংলাদেশীদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস
মার্চ ২৩, ২০২৬
বাহরাইন-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা
মার্চ ২৪, ২০২৬প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এরই মধ্যে দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ট্রেন-বাস সংঘর্ষে তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ কথা জানিয়েছেন।
কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে, অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। গতকাল থেকে শুরু করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরো ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া প্রধানমন্ত্রী ফেনী, হবিগঞ্জ ও জামালপুরে সেতু দুর্ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গতকাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ উদযাপনের এ আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।’ এ সময় প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।’ একই সঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা ও সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লায় বাস ও ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘এ হৃদয়বিদারক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রী এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


