
টি-২০ বিশ্বকাপ ফাইনালের ভাগ্য নির্ধারণ কি ‘ঘাতক’ অফস্পিনেই?
মার্চ ৭, ২০২৬বন্ধ হতে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তোলন দুই বছরের সর্বোচ্চে বৈশ্বিক জ্বালানি তেলের দাম
মার্চ ৮, ২০২৬ট্রাম্প বলেন, চলমান বিমান হামলা অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইরানে আর কোনো কার্যকর সামরিক বাহিনী বা নেতৃত্বই অবশিষ্ট থাকবে না। তার ভাষায়, ‘এক সময় হয়তো আত্মসমর্পণের কথাও বলার মতো কেউ থাকবে না।‘
মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল–ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে কোনো সমঝোতা আলোচনায় আগ্রহী নন। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, চলমান বিমান হামলা অব্যাহত থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইরানে আর কোনো কার্যকর সামরিক বাহিনী বা নেতৃত্বই অবশিষ্ট থাকবে না। তার ভাষায়, ‘এক সময় হয়তো আত্মসমর্পণের কথাও বলার মতো কেউ থাকবে না।‘ খবর রয়টার্স।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়াতেই পরিস্থিতি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেছেন, ইরানের হামলায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি ওই দেশগুলোকে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আক্রমণে যোগ না দেয়ার আহ্বান জানান।
তবে পেজেশকিয়ানের এই মন্তব্য ইরানের ভেতরে বিতর্ক তৈরি করেছে। কট্টরপন্থীরা তার বক্তব্যের সমালোচনা করেছেন। পরে প্রেসিডেন্টের দপ্তর জানায়, ইরানের সামরিক বাহিনী দেশের ওপর আক্রমণ হলে শক্ত জবাব দেবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যদি অস্ত্র সমর্পণ করে, তাহলে তাদের ক্ষতি করা হবে না।
সংঘাতের প্রভাব এরইমধ্যে উপসাগরীয় অঞ্চলজুড়ে পড়েছে। সৌদি আরব সতর্ক করে বলেছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা চলতে থাকলে রিয়াদ পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। কুয়েত, বাহরাইন ও কাতারসহ একাধিক দেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, তারা আবুধাবির কাছে একটি মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে, যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী ইরানপন্থী গোষ্ঠী হিযবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনের হামলায় প্রায় ৩০০ জন নিহত হয়েছে।
যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতিও বাড়ছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং হাজারো মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ১০ জন নিহত হয়েছে এবং কয়েকজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন।
এই সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়ছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কুয়েত, ইরাক ও কাতারের কিছু তেল ও গ্যাস উৎপাদনও কমিয়ে দেয়া হয়েছে, যা জ্বালানি বাজারে আরো অনিশ্চয়তা তৈরি করেছে।
এদিকে ইরানের কট্টরপন্থী ধর্মীয় নেতারা দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে বড় আকারের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।


