
মুন্সিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ
মার্চ ৬, ২০২৬জ্বালানি তেল রফতানি বন্ধ করল চীন
মার্চ ৬, ২০২৬প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নিকারের সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বাইরে জনপ্রশাসন, ভূমি, স্বরাষ্ট্র, অর্থ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সমন্বয় ও সংস্কার, আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা কমিশনের (ভৌত অবকাঠামো বিভাগ) সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবকে নিকারের সদস্য করা হয়েছে। প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার প্রসারেও নিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাবগুলো এ কমিটিতেই বিবেচনা করা হবে। এছাড়া বিভিন্ন প্রশাসনিক এলাকার সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত যাবতীয় কার্যাবলি এ কমিটির এখতিয়ারভুক্ত থাকবে, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি দেশী-বিদেশী শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষা কেন্দ্র খুলতে বলেছেন। যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পায়।’
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে কীভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয় সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।
তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।


