
ইরানের হামলায় এলএনজি-সংক্রান্ত কার্যক্রম বন্ধ বাংলাদেশে এলএনজি আমদানির ৪০ শতাংশ সরবরাহ করে কাতার এনার্জি
মার্চ ৩, ২০২৬
কাতারের রাজধানী দোহায় আবারও বিস্ফোরণ
মার্চ ৩, ২০২৬বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ সারা দেশে গতকাল সাতজন নিহত হয়েছেন।
এর মধ্যে বরিশাল ও লক্ষ্মীপুরে দুজন করে এবং মুন্সিগঞ্জ, বাগেরহাট ও রাজবাড়ীতে একজন করে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
বরিশাল: জেলার বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের পুত্র। অন্যজন তার চাচি রিজিয়া পারভীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালগামী যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চার সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। স্ত্রীর মামলায় ওয়ারেন্ট জারির পর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল শহিদুল ইসলাম জামিন পান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় দুই সদস্য আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আনোয়ার হোসেন ও যুবক রাকিব হোসেন নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এলাকায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী রাকিব মারা যান। এছাড়া রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশার চাপায় আনোয়ার মারা যান।
নিহত রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। অন্যজন নিহত আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে বাসটি মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিল। রাকিব তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসের সামনে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বাস সাইড নিতে গেলে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে গুরুতর আহত হয়ে রাকিব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, রাকিবের মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত যুবকের নাম মো. সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জের মো. মতিনের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি আরবপ্রবাসী নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালকের নাম জিলাল হোসেন (৪০)। তিনি কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের তানেজ উদ্দিনের ছেলে। জিলাল ছুটিতে সৌদি আরব থেকে বাড়ি এসেছিলেন।
পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে মোটরসাইকেলে কালুখালী যাচ্ছিলেন জিলাল হোসেন। তিনি বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক জিলাল হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাগেরহাট-রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক দেবনাথ ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া এলাকার কৃষ্ণপদ দেবনাথের ছেলে।


