
সাপ্তাহিক পুঁজিবাজার ডিএসইএক্স বেড়েছে প্রায় আড়াই শতাংশ
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সিটি ব্যাংকের ২২৭ কোটি টাকার শেয়ার লেনদেন
ফেব্রুয়ারি ২৮, ২০২৬শিল্পপ্রতিষ্ঠান মনোস্পুল বাংলাদেশ পিএলসি সম্প্রতি জাপানের প্রিন্টিং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মিয়াকুশি প্রিন্টিং মেশিনারি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উন্নত প্রযুক্তির মেশিনারি ক্রয় এবং কারিগরি সহায়তার লক্ষ্যে এ অংশীদারত্বে আবদ্ধ হয়েছে।
মনোস্পুল বাংলাদেশ বলছে, এ এমওইউর মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। এটি কেবল প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ভবিষ্যৎ প্রবৃদ্ধি, টেকসই শিল্পায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব প্রতিষ্ঠার এক দৃঢ় পদক্ষেপ হিসেবে গণ্য হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাপানের প্রযুক্তি ও মনোস্পুলের দীর্ঘদিনের শিল্প-অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশের প্রিন্টিং ও প্যাকেজিং খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যা কোম্পানির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। পাশাপাশি প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পে মান, গতি ও দক্ষতায় এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
উল্লেখ্য, ১৯৯০ সালে কার্যক্রম শুরুর পর থেকে মনোস্পুল বাংলাদেশ দেশীয় ও বৈশ্বিক বাজারে ধারাবাহিকভাবে উচ্চ মানসম্পন্ন কাগজ ও কাগজজাত পণ্য উৎপাদন ও বিপণন করছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


