
অন্তর্বর্তী সরকারের দেয়া অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে ঈদের পর
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত এবং ভারত ও পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেয়ার প্রত্যয়
ফেব্রুয়ারি ২৩, ২০২৬সরকার দ্রুতই সারা দেশে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। এ ঐতিহাসিক কাজের শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই সঙ্গে খালের দুই পাশে বনায়ন করারও সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।’
গতকাল বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘খাল খনন নিয়ে এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কাজ শুরু করতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে।’
খালের পাড়গুলো সবুজায়ন করা হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এ খালগুলোর দুই পাড়ে সবুজায়নের জন্য বৃক্ষ রোপণ করব। শুধু খালের দুই পাড়ে নয়, দেশের সব ক’টি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং খোলা স্থানে বনায়ন ও সবুজায়নের জন্য উদ্যোগ নেয়ার পরিকল্পনা নেব।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্য উদ্ধৃত করে জহির উদ্দিন স্বপন জানান, তারেক রহমানের যেসব পরিকল্পনা ছিল, ক্ষমতায় যাওয়ার পরপরই সেই পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছেন। খাল খনন, বনায়ন, নারীর ক্ষমতায়ন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
খাল খননের বিষয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখিয়ে যাওয়া পথ বর্তমান প্রধানমন্ত্রীও অনুসরণ করছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে। পরবর্তী সময় খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।’
বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে সরকার থাকব না। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।’ খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার ভোট কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


