
সুলভ মূল্যে ডিম দুধ মাংস পাবে ১০ লাখ পরিবার —প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফেব্রুয়ারি ২২, ২০২৬
জানুয়ারিতে সারা দেশে ৫৫২ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬ জন: যাত্রী কল্যাণ সমিতি
ফেব্রুয়ারি ২২, ২০২৬কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে শহরের বাইপাস এলাকায় কুষ্টিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজারে পিকআপের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই যুবক, গোপালগঞ্জে বাসচাপায় এক নারী এবং যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুষ্টিয়া: যাত্রীসহ একটি অটোরিকশা শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক দিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস কনটেইনারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী। পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরের বাসিন্দা সিএনজিচালক জাকারিয়া ইসলাম (৩৬), কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগরের আশরাফুল ইসলাম (২৮), আমিনা খাতুন (৪৮), কমেলা খাতুন ও শিরিনা খাতুন (২৪)।
দুর্ঘটনার পর বাইপাস সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত দুজন হাসপাতালে নেয়ার পর মারা যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
মৌলভীবাজার: পিকআপের ধাক্কায় সিএনজি-চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক আলিনূর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া মারা যান। নিহত আলিনূরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহান মিয়ার বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।
ঝিনাইদহ: শহরের পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার রহমান শান্ত (৩১) শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে ও টোটন হোসেন (৩৫) ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শহরের পবহাটি কলারহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শান্ত ও টোটন নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছার আগেই শাহরিয়ার রহমান শান্ত মারা যান। ভোরে ঢাকায় নেয়ার পথে মারা যান টোটন হোসেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছার আগেই শান্ত নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টোটনকে ঢাকায় রেফার করা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
গোপালগঞ্জ: জেলার ডুমদিয়ায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই নারী ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় রাস্তা পার হচ্ছিলেন। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গেলে তারা অবরোধ তুলে নেয়।
যশোর: চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব মোটরসাইকেলে করে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে আফরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ সময় অপর মোটরসাইকেলের আরোহী হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাসদস্যরা নিহতের মরদেহ নিয়ে গেছেন।


