
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চের মধ্যে
ফেব্রুয়ারি ২২, ২০২৬
সুলভ মূল্যে ডিম দুধ মাংস পাবে ১০ লাখ পরিবার —প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফেব্রুয়ারি ২২, ২০২৬প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে ১৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্বাগত জানান। কার্যালয়ে প্রবেশের আগে কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালন করা কয়েকজন পুরনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন তারেক রহমান। তাদের পরিবারের খোঁজখবর নেন। দীর্ঘ ১৯ বছর পরও তাদের চিনতে পারায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে, করমর্দন করেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১৯ বছরে আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের পরিবারের খোঁজখবর নেন। ওই সময়ের নবীন কর্মচারীদের অনেকের চুলে এখন পাক ধরলেও প্রধানমন্ত্রী তাদের নাম ভুল করেননি। এটা একটা স্মরণীয় ঘটনা।
কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি ‘রেড ব্লক’-এ অবস্থিত নিজ চেম্বারে যান। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।


