নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৩ রাষ্ট্রের সরকারপ্রধান প্রতিনিধি ও কূটনীতিকরা
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন ১৩ রাষ্ট্রের সরকারপ্রধান প্রতিনিধি ও কূটনীতিকরা
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মজুদ যথেষ্ট হলেও পরিবহন খরচ বৃদ্ধির আঁচ ভোগ্যপণ্যের দামে

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল দেশে রমজান মাস শুরু হতে পারে। রোজায় বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা বেশি থাকে। দামও থাকে বাড়তি। তাই রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই প্রশাসনের বাজার তদারকির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার রীতি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল দেশে রমজান মাস শুরু হতে পারে। রোজায় বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা বেশি থাকে। দামও থাকে বাড়তি। তাই রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই প্রশাসনের বাজার তদারকির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার রীতি রয়েছে। কিন্তু এ বছর নির্বাচনের ডামাডোলে সে রকম উদ্যোগ ছিল ঢিলেঢালা। অন্যদিকে নির্বাচনকে ঘিরে টানা চারদিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় পর্যাপ্ত আমদানি সত্ত্বেও নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

খাদ্যশস্য ও মসলাজাতীয় পণ্যের ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার পণ্যের মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে পণ্যের পরিবহন খরচ। নির্বাচনের আগের কয়েকদিন ও পরবর্তী সময়ে ট্রাক ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। তারা বলছেন, দুই সপ্তাহ আগেও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন সীমান্ত বন্দরে ট্রাক ভাড়া ছিল ২০-২৫ হাজার টাকার মধ্যে। নির্বাচনের পর পণ্য পরিবহনের বাড়তি চাপে ট্রাক ভাড়া বেড়ে ৩৫-৪৫ হাজার টাকায় উঠে যায়। এর প্রভাবে প্রতি কেজি পণ্যের দাম কয়েক টাকা বেড়ে গেছে। পণ্যবাজারের পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে বিশেষ তদারক করা না গেলে এবারের রমজানে পর্যাপ্ত মজুদ সত্ত্বেও দামের অস্থিতিশীলতা কাটবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের।

এ বছর চাহিদা অনুপাতে পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঋণপত্র খুলতে ব্যাংকের মার্জিনে নমনীয়তার কারণে ব্যবসায়ীরা চাহিদামতো পণ্য আমদানির সুযোগ পেয়েছেন। কিন্তু রোজার এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচনের কারণে যানবাহনের চলাচল সীমিত ছিল। এ কারণে পণ্যের সরবরাহ পর্যাপ্ত হলেও পরিবহন ভাড়া বৃদ্ধি, বন্দরে টানা কয়েক দিনের ধর্মঘট রোজার আগে নিত্যপণ্যের দাম উসকে দিয়েছে।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগেও নতুন মৌসুমের পেঁয়াজের দাম পাইকারিতে কেজিপ্রতি সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ৪৫ টাকার মধ্যে লেনদেন হয়েছে। কিন্তু এখন দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়েছে। বিশেষ করে নির্বাচনের পর কেজিতে এক লাফে ৭-৮ টাকা বেড়ে গেছে। রোজার কয়েকদিন আগে বাড়তি চাহিদা থাকলেও নির্ধারিত সময়ে সরবরাহ দিতে না পারায় এবং অতিরিক্ত পরিবহন খরচে মোকামসহ পাইকারি বাজারগুলোতে দাম বেড়েছে।

পাইকারি বাজার সূত্রে জানা গেছে, মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮-১০ টাকা বেড়ে ৫০-৬০ টাকায়, মেহেরপুরের লাল পেঁয়াজ (মুড়িকাটা) ৪৫-৪৭ টাকায় ও দেশীয় হাঁসখালী পেঁয়াজ (ভারতীয় জাত) ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় রসুন ১০-১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়, আমদানীকৃত রসুনের দাম কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, আদার দাম ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৪-১০৭ টাকায়। ভারতীয় কেরালার আদা সমপরিমাণ বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১০৮-১১০ টাকায়।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে মটরের দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে গেছে। সোমবার প্রতি কেজি সর্বনিম্ন ৭৫ টাকা থেকে সর্বোচ্চ বিক্রি হয়েছে ৮৫ টাকায়। এছাড়া কিছুদিন আগেও প্রতি কেজি মটর (অ্যাংকর) লেনদেন হয়েছিল কেজিপ্রতি ৩৮ থেকে ৩৮ টাকা ৫০ পয়সায়। একই মানের মটর বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৫০ টাকায়।

মটরের পাশাপাশি দাম বেড়েছে মসুর ডালের। বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া মোটা জাতের মসুর ডাল প্রতি কেজি দীর্ঘদিন ৭০-৭২ টাকায় বিক্রি হলেও এখন লেনদেন হচ্ছে ৭৮-৭৯ টাকায়, মুগডাল কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৫০ টাকায় লেনদেন হচ্ছে।

পচনশীল মসলাপণ্য বিক্রি করা আড়তের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে সারা দেশে মুড়িকাটা পেঁয়াজের উত্তোলন মৌসুম। পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, শরীয়তপুরে পেঁয়াজ উত্তোলন চলছে। ভারতীয় পেঁয়াজের আমদানি থাকায় শুরুতে দাম কমতে কমতে ৩২-৩৫ টাকায় নেমে এলেও কিছুদিনের মধ্যে সেটি ৩৫-৪০ টাকায় উঠে যায়। দীর্ঘদিন ধরে প্রতি কেজি দেশী রসুন ৮০-৯০ টাকার মধ্যে লেনদেন হলেও বর্তমানে তা বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দীর্ঘদিন ধরে দেশের বাজারে কেজিপ্রতি চীনা (আমদানীকৃত) রসুন ১৩০-১৪০ টাকার মধ্যে লেনদেন হলেও বর্তমানে দাম বেড়ে লেনদেন হচ্ছে ১৭৫ টাকায়। এছাড়া আদার দামও কেজিপ্রতি অন্তত ১০ টাকা বেড়েছে।

জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বণিক বার্তাকে বলেন, নির্বাচনের কারণে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রমে ঘাটতির বিষয়টি সঠিক নয়। আমরা এরই মধ্যে খাতুনগঞ্জ, চাক্তাই, রিয়াজউদ্দিন বাজার, পাহাড়তলীসহ বিভিন্ন বড় পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম না বাড়ানোর জন্য। তবে এটা সত্য, নির্বাচনের কারণে রোজার আগে পণ্যের সরবরাহ চেইনে কিছুটা সমস্যা হতে পারে। পণ্য সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমরা এরই মধ্যে পদক্ষেপ নিয়েছি। ট্রাকসেলে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রির পাশাপাশি দ্রুত বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়েও ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোজ্যতেল ও চিনির দাম নির্বাচনের পর থেকেই ঊর্ধ্বমুখী। সোমবার পাইকারিতে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) সয়াবিন লেনদেন হয়েছে ৭ হাজার টাকায়। পরিশোধিত পাম অয়েল লেনদেন হয়েছে ৫ হাজার ৮৫০ থেকে ৫ হাজার ৮৭০ টাকায়। এছাড়া চিনির দাম কয়েকদিনের ব্যবধানে মণপ্রতি ৩০-৪০ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৩ হাজার ৫২০ টাকায়।

জানতে চাইলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বণিক বার্তাকে বলেন, ‘সারা বিশ্বেই ধর্মীয় কিংবা সামাজিক উৎসবকালে নিত্যপণ্যের দাম কমিয়ে দেয়ার রেওয়াজ আছে। কিন্তু আমাদের দেশে উল্টো দাম বাড়িয়ে দেয়া হয়। এবার নির্বাচনের কারণে পণ্যবাজারকে খানিকটা উপেক্ষা করা হয়েছে। এ সুযোগে ব্যবসায়ীরা নির্বাচন-পরবর্তী সময়ে দাম বাড়িয়ে মুনাফা বাগিয়ে নিচ্ছে।’

ক্যাবের এ ভাইস প্রেসিডেন্ট মনে করেন দেশে রমজানসহ যেকোনো বিশেষ সময় পণ্যমূল্য নিয়ে কারসাজি ও অতি মুনাফা বন্ধ করতে নতুন সরকারকে বিশেষ পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *