জামায়াতের ইশতাহার : ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে আত্মনির্ভরতার বার্তা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
হতদরিদ্রদের মাসিক ৫ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনের
ফেব্রুয়ারি ৪, ২০২৬
জামায়াতের ইশতাহার : ২৬ বিষয়ে অগ্রাধিকার দিয়ে আত্মনির্ভরতার বার্তা
ফেব্রুয়ারি ৪, ২০২৬
হতদরিদ্রদের মাসিক ৫ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনের
ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। একই বিষয় বিএনপির ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণমাধ্যমের স্বাধীন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি, আর সে লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করতে চায়।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস উইথ সালাহউদ্দিন’ অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। একই বিষয় বিএনপির ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি জানান, গণমাধ্যমের জন্য একটি আলাদা সংস্কার কমিশন গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। সেই কমিশনের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এরই মধ্যে যেসব সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের দেয়া প্রস্তাবগুলোও বিএনপি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে।

তিনি বলেন, যেসব দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেসব দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় তথ্য আদান-প্রদান খুব সহজ হয়ে গেছে। তাই মুহূর্তেই যে কোনো তথ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এজন্য সবাইকে দায়িত্বশীল ও সতর্কভাবে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক পরিসরে দেশের সম্মান ক্ষুণ্ন না হয়।

এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশের সূচনা হয়েছিল ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সে সময় থেকে দেশে ইলেকট্রনিক গণমাধ্যমের বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য নতুন সুযোগ তৈরি হয়। কিন্তু গত ১৬ থেকে ১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বাধা সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে সুরক্ষা দেয়া। দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই গণমাধ্যম এ কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *