
২০২৫ সাল পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি হয়েছে ৪৫ বিলিয়ন ডলারের কাছাকাছি
ফেব্রুয়ারি ২, ২০২৬
গণ-অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলংকা কোন পথে বাংলাদেশ
ফেব্রুয়ারি ৩, ২০২৬বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে বড় ধরনের ধাক্কা এসেছে নতুন বছরের শুরুতেই।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে বড় ধরনের ধাক্কা এসেছে নতুন বছরের শুরুতেই। ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতেই বিভিন্ন নামি প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। গত অক্টোবরের পর এক মাসে এত বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই আর দেখা যায়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
লে-অফস ডট এফওয়াইআইয়ের তথ্য অনুযায়ী, মূলত অ্যামাজন, মেটা ও এরিকসনের মতো বড় প্রতিষ্ঠানগুলো এ ছাঁটাই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে।
সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে। প্রতিষ্ঠানটি গত ২৮ জানুয়ারি একদিনেই ১৬ হাজার কর্মীকে বিদায় করে দিয়েছে। অ্যামাজন জানিয়েছে, প্রতিষ্ঠানের খুচরা ব্যবসা, ডিভাইস ও ক্লাউড ইউনিটগুলোয় অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতেই এ কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা ‘রিয়ালিটি ল্যাবস’ বিভাগ থেকে দেড় হাজার কর্মী ছাঁটাই করেছে। বিভাগটি মূলত মেটাভার্স নিয়ে কাজ করে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নির্দেশনা অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় বিনিয়োগ বাড়াতে এবং খরচ কমাতে ২০২৬ সালের বাজেটে ব্যাপক কাটছাঁট করা হচ্ছে। এর প্রভাবে মেটাভার্স-সংশ্লিষ্ট প্রকল্পগুলোয় কর্মী কমানো হয়েছে।
সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনও স্থানীয় বাজার থেকে ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত তিন বছর মুনাফা বজায় রাখতে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে কর্মী কমিয়ে আনছে। এছাড়া অটোডেস্ক এক হাজার এবং পিন্টারেস্ট ৭০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বছরের শুরুতে কোম্পানিগুলো নতুন বাজেট এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে। অনেক প্রতিষ্ঠান এখন মানুষের বদলে এআইয়ের ওপর বেশি নির্ভর করছে। ফলে অনেক জায়গায় জনবল নিয়োগ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। বড় কোম্পানিগুলোর পাশাপাশি এআই ও ক্রিপ্টো খাতের ছোট স্টার্টআপগুলোও এ ছাঁটাইয়ের কবলে পড়েছে।


