
শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে রাবিতে শিবিরের বিক্ষোভ
জানুয়ারি ২৯, ২০২৬
সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি ভারত
জানুয়ারি ২৯, ২০২৬বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বগুড়ায় আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তিনি সর্বশেষ ২০০৬ সালে পিতৃভূমি বগুড়া সফর করেছিলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বগুড়ায় আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তিনি সর্বশেষ ২০০৬ সালে পিতৃভূমি বগুড়া সফর করেছিলেন। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচির পর সড়কপথে বগুড়ায় যাবেন তিনি। সন্ধ্যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
পরে বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে বৃহস্পতিবার ও শুক্রবার রাতযাপন করবেন। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণায় অংশ নেবেন। পরে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। পথে গাবতলী ও শাজাহানপুরে পথসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে হোটেল নাজ গার্ডেন সাজানো হয়েছে নান্দনিক সাজে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
হোটেলটির মালিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শোকরানা বলেন, ‘নাজ গার্ডেন গড়ে তোলা হয়েছিল বিএনপির চেয়ারম্যানের উৎসাহ ও অনুপ্রেরণায়। দীর্ঘ ২০ বছর পর তিনি বগুড়া সফরে এসে রাত যাপনের জন্য নাজ গার্ডেনের আতিথেয়তা গ্রহণে সম্মতি দেয়ায় তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তার আগমন ঘিরে হোটেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের জন্য দুটি প্রেসিডেন্সি স্যুইট কক্ষ এবং সফরসঙ্গীদের জন্য অন্য ১০০ কক্ষ খালি রাখা হয়েছে।’
বগুড়া জেলা বিএনপির নেতারা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য মানুষ অপেক্ষা করছে। তিনি বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ায় মানুষের প্রত্যাশা আরো বেড়ে গেছে। বিগত প্রায় দেড় যুগ চাওয়া-পাওয়া থেকে বঞ্চিত বগুড়াবাসী এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়াবাসীর স্বপ্ন এক এক করে পূরণ হতে পারে বলে আশায় বুক বেঁধে আছেন।
সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে নওগাঁর এটিএম মাঠে আরো একটি জনসভায় যোগ দেবেন তিনি। পরে বগুড়া অভিমুখে রওনা করবেন। পথে আদমদীঘি ও দুপচাঁচিয়ায় পথসভায় বক্তব্য রাখবেন। রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বগুড়া সফরে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পথসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। পরে বগুড়া শহরে ফিরে রাত যাপন করবেন। ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশে রওনা করবেন।
এদিকে বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে দলটি। শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। মূল মঞ্চের নির্মাণকাজ শেষ করা হয়েছে। রাতে জনসভা হওয়ার কারণে বসানো হয়েছে লাইট। থাকছে মাইক, সাউন্ড বক্স ও মোড়ে মোড়ে আলোর ব্যবস্থা। তারেক রহমানের আগমনে বগুড়ার ভোটার ও সমর্থকরা উচ্ছ্বসিত। এর আগে ১১ জানুয়ারি বগুড়ায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে শেষ পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের সেই সফর স্থগিত করা হয়।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, প্রায় ২ লাখ মানুষের সমাগম হবে জনসভায়। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলীয় সূত্র জানায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সবক’টি নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত চারবার সংসদ সদস্য হন খালেদা জিয়া। তার মৃত্যুর পর এবারই প্রথম তারেক রহমান প্রার্থী হয়েছেন।


