
টাঙ্গাইলের সংসদীয় আট আসন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত হেভিওয়েট প্রার্থীরা
জানুয়ারি ২৭, ২০২৬
কুষ্টিয়ায় জনসভায় জামায়াত আমির আমরা কারো ওপর প্রতিশোধ নেব না
জানুয়ারি ২৭, ২০২৬বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেয়ার পর কেন্দ্রে থাকতে হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেয়ার পর কেন্দ্রে থাকতে হবে। নিজেদের দেয়া ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।’
গতকাল বিকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয়।
এদিকে তারেক রহমান আজ নির্বাচনী প্রচারাভিযানে যাচ্ছেন ময়মনসিংহে। এছাড়া রাজশাহীতে তার আগামীকালের সমাবেশ একদিন পিছিয়ে বৃহস্পতিবার নেয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
নোয়াখালী: হাতিয়ায় জনসভায় তারেক রহমান বলেন, ‘গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গেছে।’
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এ এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদীভাঙন রোধ, বেড়িবাঁধ, ব্লক বাঁধ এগুলো আমরা ইনশা আল্লাহ করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা।’
এ সময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে।
বিএনপির প্রার্থী মাহাবুবের রহমানকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘এখানে বিশুদ্ধ পানি, শিক্ষা, চিকিৎসা, কৃষি নিয়ে সমস্যা আছে। এ সমস্যাগুলো সমাধানে সত্যিকার একজন মানুষ দরকার। আপনাদের ভোটে নির্বাচিত হলে, বিএনপি সরকার গঠন করলে এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের নানা সমস্যার সমাধান হবে।’
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ নির্বাচনী প্রচারাভিযানে আসছেন ময়মনসিংহে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠ এবং ঢাকার আজমপুর ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় পর তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, ‘সড়কপথে মঙ্গলবার বেলা ২টায় তারেক রহমান ময়মনসিংহে পৌঁছে সার্কিট হাউজ মাঠের সমাবেশে অংশ নেবেন।’
সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘এর আগে ২০০৩ সালে তারেক রহমান এসেছিলেন। তার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউজ মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।’
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
রাজশাহী: রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ একদিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। এর আগে সমাবেশ হওয়ার কথা ছিল আগামীকাল বুধবার। ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছাতে হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)।
নতুন সূচি অনুযায়ী, তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন।


