মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
জানুয়ারি ৭, ২০২৬
সালমান এফ রহমানের পতন হয়েছে, তবে বেক্সিমকো ফার্মা ভালোভাবে টিকে আছে
জানুয়ারি ৭, ২০২৬
মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
জানুয়ারি ৭, ২০২৬
সালমান এফ রহমানের পতন হয়েছে, তবে বেক্সিমকো ফার্মা ভালোভাবে টিকে আছে
জানুয়ারি ৭, ২০২৬

ক্রিকইনফোর প্রতিবেদন ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ, বিসিবিকে আইসিসির বার্তা

বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ‘আলটিমেটাম’ পাওয়ার কথা স্বীকার করেনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে, গতকাল মঙ্গলবার বিসিবির সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। অন্যথায়, নির্ধারিত ম্যাচগুলোতে অংশগ্রহণ না করলে বাংলাদেশ পয়েন্ট হারাবে, যা টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে দিতে পারে। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো ‘আলটিমেটাম’ পাওয়ার কথা স্বীকার করেনি।

এ বিষয়ে এখনো বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ২০ দলের এই বিশ্ব আসর। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা।

মূলত আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ‘ছেড়ে দেয়ার’ জন্য বিসিসিআইয়ের নির্দেশের পরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি ঘটে। ৯ কোটি ২০ লাখ টাকায় দল পাওয়া মুস্তাফিজকে কেন ছেড়ে দিতে বলা হলো, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। এর প্রতিবাদে এবং নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল।

বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজের বাদ পড়ার খবর নিশ্চিত করলেও এর পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এদিকে মঙ্গলবারের সভার ফলাফল নিয়ে আইসিসি বা বিসিবি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র এক মাস। এমন অবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ক্রিকেট বিশ্বে ধোঁয়াশা কাটছে না।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভাষ্য হচ্ছে, ‘জয় শাহের আইসিসির কাছে ধোপে টেকেনি বাংলাদেশের অনুরোধ’। উল্লেখ্য, জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। তিনি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সেক্রেটারির পদে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *