
সিলেটে তথ্য সচিব গুণগত মান বজায় রেখে তথ্য কমপ্লেক্সের কাজ শেষ করতে হবে
জানুয়ারি ৩, ২০২৬
সারা দেশে মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
জানুয়ারি ৩, ২০২৬সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দলীয় উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দলীয় উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। এছাড়া সারা দেশের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মন্দিরেও প্রার্থনার আয়োজন করা হয়। খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় গতকাল জুমার নামাজ শেষে মোনাজাত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন দেশজুড়ে এ বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি সংশ্লিষ্ট সব দপ্তর ও মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেয়। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বিকালে শহরের দলীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
মুন্সিগঞ্জের শ্রীনগরে একযোগে শত কণ্ঠে সমবেত প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাইপাস এলাকায় শ্রীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ মঙ্গল প্রার্থনা। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তিও কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে নরসিংদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমিতে গতকাল বিকালে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর শাখা ও অঙ্গসংগঠন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।
এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।


