
ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান
ডিসেম্বর ২৭, ২০২৫
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ’রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান
ডিসেম্বর ২৭, ২০২৫দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ঘিরে ঢাকায় বিপুল জনসমাগমের ফলে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারাদেশ থেকে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। পরে বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়ে বিকেল পৌনে ৪টার দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান। এরপর সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরবর্তীতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে লাল-সবুজ গাড়িতে চড়ে এভারকেয়ার হাসপাতালের পথে রওনা হন।
ওইদিন সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের গাড়িটি। তারপর মায়ের সঙ্গে দেখা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজ বাসে চড়ে গাড়িবহর নিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির উদ্দেশে রওনা হন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে গুলশানের সেই বাসায় পৌঁছান তারেক রহমান।
সবশেষ শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। দুপুরে গুলশান থেকে বেরিয়ে জিয়া উদ্যান পর্যন্ত পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। এরপর জিয়া উদ্যান থেকে বেরিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আবারও গুলশানের বাসায় ফিরেন তিনি।


