৬৫’র পরাজয়ের প্রতিশোধ নিতেই একাত্তরে ভারত আমাদের সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার
ডিসেম্বর ১৬, ২০২৫
আগ্রাসনবিরোধী যাত্রা শুরু এনসিপির
ডিসেম্বর ১৬, ২০২৫
৬৫’র পরাজয়ের প্রতিশোধ নিতেই একাত্তরে ভারত আমাদের সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার
ডিসেম্বর ১৬, ২০২৫
আগ্রাসনবিরোধী যাত্রা শুরু এনসিপির
ডিসেম্বর ১৬, ২০২৫

আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, বাংলাদেশ সেদিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। মুক্তিযুদ্ধের যেই প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশ আমরা বিনির্মাণ করতে পারিনি। এ দেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি, বরং ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।’

আজ মঙ্গলবার ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লব সংগঠিত হয়েছিল। আমরা মনে করি, ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪, যেই ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াইয়ের উত্তরসূরি আমরা। সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।’

সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। জনগণকে আমরা আবারও আহ্বান জানাব, ৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।’

আগামীর নির্বাচনে গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলে প্রত্যাশার কথা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এনসিপির যাঁরা এমপি পদপ্রার্থী আছেন, তাঁরা সংস্কারের পক্ষে, হ্যাঁ–এর পক্ষে শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় নেব না।’

এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *