
দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে কাল বিএনপির বিক্ষোভ মিছিল
ডিসেম্বর ১২, ২০২৫
ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে নাহিদ ইসলাম
ডিসেম্বর ১২, ২০২৫বিএনপি মনে করে, এ আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে, নির্বাচন বাধাগ্রস্ত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল নাগাদ জুলাই মঞ্চের অনুসারীদের কারও কারও অভিযোগ, একজন বাউল সমর্থক হামলা করেছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।
বিএনপি মনে করে, এ আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনি পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সই করা বিবৃতিতে বলা হয়, দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। ২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।
ওসমান হাদির ঘটনার পর পর প্রতিবাদ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে যান হাদির আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস।
প্রাথমিক আলাপে বিএনপির নেতারা জানান, তারা ঘটনার গভীরতা বোঝার চেষ্টা করছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও তাদের আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপির বিবৃতিতে বলা হয়, নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এসব নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া গুরুতর আহত শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করছে দলটি।


