ঐক্য অটুট থাকলে ষড়যন্ত্রই সফল হবে না: তারেক রহমান
নভেম্বর ২৭, ২০২৫
দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট
নভেম্বর ২৭, ২০২৫
ঐক্য অটুট থাকলে ষড়যন্ত্রই সফল হবে না: তারেক রহমান
নভেম্বর ২৭, ২০২৫
দুই উপদেষ্টার অনুসারীদের বাধায় আটকে গেল তৃতীয় জোট
নভেম্বর ২৭, ২০২৫

হাসনাতের এলাকায় আওয়ামী লীগের ঠাঁই হচ্ছে এনসিপিতে, সমালোচনার ঝড়

কুমিল্লার দেবিদ্বারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে “ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হচ্ছে” — এমন অভিযোগে সরগরম স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা—সবখানেই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত জুলাই মাসে ঘোষিত এনসিপি’র দেবিদ্বার উপজেলা সমন্বয় কমিটিতেই আলোচনার সূত্রপাত। কমিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন সক্রিয় কর্মীর অন্তর্ভুক্তি নির্বাচনের আগে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে দলটির আদর্শিক অবস্থানকে। জানা গেছে, স্থানীয় এনসিপি নেতারা কেন্দ্রীয় এক প্রভাবশালী নেতার নির্দেশে বিভিন্ন উদ্দেশ্যে আওয়ামী লীগের কয়েকজন সক্রিয় কর্মীকে দলে ভিড়িয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন, “যে উদ্দেশ্যে ৫ আগস্ট জীবন বাজি রেখে আন্দোলন করা হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে—সেই উদ্দেশ্যই এখন ব্যর্থতার মুখে। ফ্যাসিস্টদের দোসরদের পুনর্বাসনের মধ্য দিয়ে নীতিহীনতার পরিচয় দিচ্ছে এনসিপি।”

তাদের দাবি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারাই ক্ষমতার লোভে নিজের ঘনিষ্ঠ লোকদের পুনর্বাসন করছেন, দেবিদ্বার উপজেলা কমিটিই তার প্রকৃষ্ট উদাহরণ।

সূত্র জানায়, কমিটিতে আওয়ামী লীগের সাবেক সাংসদ রাজীব মুন্সির ঘনিষ্ঠ কর্মী আমির হোসেন, সাবেক কাউন্সিলর আবুল বাশার সরকারসহ আরও কয়েকজন আওয়ামী কর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিষয়টি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি এনসিপির রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতি, যা ভবিষ্যতে দলের জন্য অশনি সংকেত হতে পারে।

দেবিদ্বারের সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, বর্তমানে এলাকাটিতে এনসিপির তেমন দৃশ্যমান ভোটভিত্তি নেই। ভোটারদের অনেকে মনে করছেন, শূন্য মাঠে অবস্থানের কারণে হঠাৎ করে দলটি দিশেহারা হয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এটি জুলাই শহিদদের রক্তের প্রতি বেঈমানীর শামিল। জনগণ এ সিদ্ধান্ত মেনে নেবে না।

এ বিষয়ে কথা বলার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-র মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *