খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া
নভেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবার সড়কপথে ভুটানে যাচ্ছে পণ্যবাহী কনটেইনার
নভেম্বর ২৭, ২০২৫
খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া
নভেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবার সড়কপথে ভুটানে যাচ্ছে পণ্যবাহী কনটেইনার
নভেম্বর ২৭, ২০২৫

“হাসিনা এত সোনার মালিক কীভাবে হলো?”: বিএনপি নেতা প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, লুটপাট এবং অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার পথ চিরতরে বন্ধ করতে না পারলে জনগণ কাউকে ক্ষমা করবে না। তিনি বলেন, আওয়ামী শাসনামলকে মহাদুর্নীতিবাজ হাসিনা পরিবার এবং তাদের অনুগত হাইব্রিড আওয়ামী লীগ কোনভাবেই ক্ষমা করবে না জনগণ।

বুধবার সন্ধ্যায় আমতৈল ইউনিয়নের সরচাপুর বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

প্রিন্স আরও বলেন, বাংলাদেশের জনগণ বিগত ১৫ বছর মুদ্রাস্ফীতি, বিদ্যুতের সংকট, কৃষকের লোকসান, যুবকের বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয়ের হ্রাস এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ নিয়ে দিন পার করেছে। অথচ সে সময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের লকার খুলতেই সোনার স্তূপ বেরিয়ে আসছে। এই বৈপরীত্যই প্রমাণ করে— জনগণ রিক্ত হয়েছে, আর ক্ষমতার বলয় সিক্ত হয়েছে বিশেষ সুবিধায়।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকতে নিজেদের ত্যাগী হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের নামে নিবন্ধিত লকার থেকে শত শত ভরি সোনা উদ্ধার হচ্ছে। তখন কবিতা আবৃত্তি করে আর সত্য গোপন রাখা যায় না।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উল্লেখ করে নিজেকে রিক্ত ও সাধারণ নাগরিক হিসেবে দাবি করলেও আজ তার নিবন্ধিত ব্যক্তিগত একটি লকার থেকেই ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। অন্যান্য জায়গায় আর কত সম্পদ আছে—তা কেউ জানে না।

প্রিন্স বলেন, “শেখ মুজিব জীবদ্দশায় তার চারপাশে চোরের খনি বানিয়ে গেছেন, এখন তার মেয়ের সোনার খনি আবিষ্কৃত হচ্ছে।”
তিনি প্রশ্ন রাখেন— “হাসিনা এত সোনার মালিক কীভাবে হলো?”

আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ থাকা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসাই উত্তম। তিনি আরও বলেন, হাসিনা ও তার সহযোগীরা আওয়ামী রাজনীতির কবর রচনা করে পালিয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চ্যাপ্টার ক্লোজড।”

সভায় আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা পরাণ আলী কাঞ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য দেন।

এমরান সালেহ প্রিন্স জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়নে তাদের দাবি শোনেন। তিনি জনসাধারণকে আশ্বস্ত করেন যে বিগত ৬ মাসে তার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তা নির্মাণ প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *