শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব
নভেম্বর ১৯, ২০২৫
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
নভেম্বর ১৯, ২০২৫
শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব
নভেম্বর ১৯, ২০২৫
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
নভেম্বর ১৯, ২০২৫

প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সকালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এটিই হবে ৩৮ বছর বয়সী মুশফিকের জন্য গৌরবের শততম টেস্ট।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সকালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এটিই হবে ৩৮ বছর বয়সী মুশফিকের জন্য গৌরবের শততম টেস্ট।

বর্তমানে যারা খেলছেন তাদের মধ্যে কেবল মুমিনুল হক সৌরভই নিকটতম দূরত্বে দাঁড়িয়ে আছেন। তিনি খেলেছেন ৭৪ টেস্ট। এছাড়া তাইজুল ইসলাম ৫৬ টেস্ট, মেহেদী হাসান মিরাজ ৫৫ টেস্ট ও লিটন দাস ৫১ টেস্ট খেলেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসান ৭৪ টেস্ট, অবসর নেয়া তামিম ইকবাল ৭০ টেস্ট ও চলতি সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।

বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে বিশ্বের ৮৪তম খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিক। ৯৯ টেস্ট খেলে থেমে গেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

মুশফিকের ১০০ টেস্ট বাংলাদেশের জন্য ঐতিহাসিক আর গৌরবময় হলেও ২০০ টেস্ট খেলার কীর্তিও আছে। ভারতের নন্দিত ক্রিকেটার শচীন টেন্ডুলকার রেকর্ড ২০০ টেস্ট খেলার কৃতিত্ব দেখান। তিনি ৫১টি সেঞ্চুরিতে রেকর্ড ১৫ হাজার ৯২১ রানের মালিক। এছাড়া দেড়শর বেশি টেস্ট খেলেছেন নয়জন।

শুধু ম্যাচ খেলাতেই নয়, দেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছেন মুশফিকুর রহিম। ৯৯ টেস্টে ৩৮ দশমিক শূন্য ২ গড়ে সর্বোচ্চ ৬ হাজার ৩৫১ রান করেছেন তিনি। এ পথে ১২টি সেঞ্চুরি আর ২৭টি হাফসেঞ্চুরি করেছেন নন্দিত এ ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম ইকবাল। মুমিনুল হকের চেয়ে ১ হাজার ৬৪২ রানে এগিয়ে থেকে অনেকটা নিরাপদে অবস্থান করছেন মুশফিক।

এছাড়া দেশের হয়ে ওয়ানডে রানে দুইয়ে (৭,৭৯৫) ও টি-টোয়েন্টি রানে পাঁচে (১,৫০০) অবস্থান করছেন মুশফিক। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি একজন কৃতী উইকেটকিপার। লিটন দাসের আগে তিনি দীর্ঘদিন দেশের বিশ্বস্ত উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি টেস্টে দেশের হয়ে প্রথম ১০০ ডিসমিসাল অর্জন করেন। ৯৯ টেস্টে তার ডিসমিসাল ১১৩টি। সম্প্রতি তাকে টপকে শীর্ষে উঠে যান লিটন দাস (৫১ টেস্টে ১১৭ ডিসমিসাল)।

এছাড়া ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৯ সেঞ্চুরিতে ৭ হাজার ৭৯৫ রান ও ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬ ফিফটিতে দেড় হাজার রান করেছেন মুশফিক।

টেস্টে বাংলাদেশের বয়সও খুব বেশি নয়—২৫ বছরে ১৫৫টি টেস্ট খেলেছে টাইগাররা। এ ১৫৫ ম্যাচের মধ্যে ৯৯টি খেলেছেন মুশফিক, আজ পূর্ণ হবে ম্যাচের সেঞ্চুরি। এদিকে, শততম টেস্ট ম্যাচ উপলক্ষে মুশফিকের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রেখেছে নানা আয়োজন। আজ সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে নেমে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ২০০৫ সালে ইংল্যান্ডের লর্ডসে মুশফিককে অভিষেক টেস্ট ক্যাপ পরিয়েছিলেন। বাংলাদেশের প্রথম টেস্ট খেলোয়াড় আকরাম খান বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন মুশফিককে।

বিসিবি প্রেসিডেন্ট ও টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিশেষ ক্রেস্ট তুলে দেবেন মুশফিককে। তার প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার ও বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফ সংবলিত জার্সি উপহার দেয়া হবে মুশফিককে। এরপর শান্ত ও মুশফিকের বক্তব্য শেষে রয়েছে গ্রুপ ফটোসেশন। মুশফিককে সম্মাননা জানানো শেষে ৯টা ২৫ মিনিটে মাঠে প্রবেশ করবেন দুই দলের খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *