
এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ
নভেম্বর ১, ২০২৫
রাজবাড়ীতে শুরু হয়েছে প্রাক-বাংলা উৎসব
নভেম্বর ২, ২০২৫প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সন্ধ্যা ৭টায় এ সাক্ষাতের তথ্য দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেছে।
বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অংশ নেন। সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিন বাহিনীর প্রধান।
প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সে জন্যও তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।
বৈঠকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই বৈঠকে ড. ইউনূস জাতীয় নির্বাচনের আগে সব বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করার জন্য জেনারেল ওয়াকারকে নির্দেশনা দিয়েছিলেন। সেনাপ্রধান ১ সেপ্টেম্বরও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।


