
নয় মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
অক্টোবর ৩০, ২০২৫
সাত দফা দাবিতে রাসিক কর্মচারীদের কর্মবিরতি
অক্টোবর ৩০, ২০২৫জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন যাতে না পেছায়, তাই আগে গণভোট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
জাতীয় সংসদ নির্বাচন কোনো কারণে পিছিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন যাতে না পেছায়, তাই আগে গণভোট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।
দলটির নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেক্টোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন সফররত প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিং করা হয়। এ সময় তাহের বলেন, ‘কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশা আল্লাহ হবে, তখনো তো জুলাই সনদ পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কারও। সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেয়াটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে।’
জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে হতে হবে মন্তব্য করে আবদুল্লাহ তাহের বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়া উচিত নয়। অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।’
আবদুল্লাহ তাহের বলেন, ‘ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণভোটের সুপারিশ করেছে সরকারের কাছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটই সঠিক সিদ্ধান্ত। কারণ গণভোট হবে সংস্কার প্রক্রিয়ার ওপর। আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য। দুটোর চরিত্র আলাদা।’
এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) বিষয়ে সরকারকে দ্রুত একটি আদেশ দিতে হবে বলে মন্তব্য করেন আবদুল্লাহ তাহের। তিনি বলেন, ‘সরকার যেন এ বিষয়ে আর সময়ক্ষেপণ না করে। এ আদেশের পরেই গণভোট হবে।’
জামায়াতের এ নেতা বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা হলে মাসের শেষ দিকে গণভোট হতে পারে। কারণ এতে জাতীয় নির্বাচনের মতো সময় লাগবে না। খুব বেশি খরচও হবে না।’
বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলে আরো ছিলেন দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় ও ম্যাডোনা লিঞ্চ। জামায়াতের পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।


