ইউএস-বাংলার বহরে যুক্ত হলো এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ
অক্টোবর ২২, ২০২৫
‘অকারণ বৈঠক’ চান না ট্রাম্প, পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত
অক্টোবর ২২, ২০২৫
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো এয়ারবাসের আরো একটি উড়োজাহাজ
অক্টোবর ২২, ২০২৫
‘অকারণ বৈঠক’ চান না ট্রাম্প, পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত
অক্টোবর ২২, ২০২৫

সড়ক দুর্ঘটনায় দশ জেলায় প্রাণ গেল ১৩ জনের

দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ, রাজবাড়ী, মুন্সিগঞ্জে ছয়জন নিহত হয়েছেন।

দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ, রাজবাড়ী, মুন্সিগঞ্জে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, ফেনী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সিরাজগঞ্জ ও মেহেরপুরে নিহত হয়েছেন আরো সাতজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: জেলার ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক আল-আমিন (২৮) ও তার সহকারী রাশেদুল (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার এসআই তারেক হাসান।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক বৈলর এলাকায় দাঁড়িয়ে ছিল। সকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

রাজবাড়ী: গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকিম সরদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল শেখ ওরফে আদুলে (৩০) সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চরআফড়া-খালিয়াবাড়ী গ্রামের আব্দুল শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ধলেশ্বরী ব্রিজ এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটতে পারে।

চট্টগ্রাম: রাউজানে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার অদুদ চৌধুরী সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। নিহত নাজিম উদ্দিন (৪৪) উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক আমির হোসেন (৬০) ও সুপারভাইজার মো. ফারুককে (২৮) আটক করেছে পুলিশ।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনী: দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর ইউনিয়নের মনি সরকারের ছেলে। তার আবাসন ব্যবসা রয়েছে। পাবনা থেকে মোটরসাইকেলে করে তিনি বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন। সাগরের সঙ্গে আরো তিনটি মোটরসাইকেলে তিন বন্ধু ছিলেন।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

ঝিনাইদহ: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল ভোরে ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলেন হেলপার ও চালক। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হন দুই গাড়ির চালক ও যাত্রীসহ পাঁচজন।

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার কুলতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সামেনা বেগম একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

যশোর: অভয়নগরে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া আলীপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক আবুল কালাম (৫৫) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ: জেলার তাড়াশে নছিমনচাপায় হাফিজুর রহমান (৩৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারোয়ারিতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান তাড়াশ দক্ষিণপাড়ার রবিউল করিমের ছেলে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নছিমনটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

মেহেরপুর: জেলার গাংনীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শুকুরকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি খাতুন (৩৫) উপজেলার বামুন্দি ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি খাতুন তার ভাবি মনোয়ারা খাতুনকে নিয়ে কুষ্টিয়া থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। শুকুরকান্দি সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিনজনই গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাযন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সুমি খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গাংনী থানার ওসি বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *