কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কার্যকরে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
অক্টোবর ২২, ২০২৫
সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ
অক্টোবর ২২, ২০২৫
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কার্যকরে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
অক্টোবর ২২, ২০২৫
সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিদের হাজিরা নিয়ে শুনানি আজ
অক্টোবর ২২, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

দলীয় লোক বাদ দিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের মধ্যে থাকা দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের মধ্যে থাকা দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিনিধি হিসেবে বৈঠকে আরো অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। আর সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠক শেষে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এ মুহূর্ত থেকে যেটা প্রয়োজন তা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝায়, সেই ভূমিকায় তাদের যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন, তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করা।’

তিনি বলেন, ‘সচিবালয় থেকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে। উচ্চ আদালতে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর আছেন তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটি বিচার বিভাগের ব্যাপার। তার পরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন, তাই তার কাছে এগুলো জানানো হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারপ্রধানকে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো বলেছি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলেছি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি।’

উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তোলা হয়েছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারা নির্দিষ্ট কারো কথা বলেননি।

এদিকে বৈঠক শেষে এর বিষয়বস্তু নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, ‘জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেয়া হবে। আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করায় এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সফলভাবে বাস্তবায়ন করতে পারায় সরকারকে অভিনন্দন জানায় বিএনপি। এর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কিনা, সে বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানান তারা।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *