
রিশাদকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান মুশতাক
অক্টোবর ২০, ২০২৫
এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় ২০ হাজার কোটি টাকারও বেশি
অক্টোবর ২১, ২০২৫মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া দেয়ার যে প্রজ্ঞাপন জারি হয়েছে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মূল বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া দেয়ার যে প্রজ্ঞাপন জারি হয়েছে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ২০ শতাংশ করাসহ তিন দফা দাবি আদায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলোয়ার হোসেন আজিজী গতকাল বিকালে এ ঘোষণা দেন।
এর আগে বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে খালি বাটি-প্লেট নিয়ে ভুখা মিছিল করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শিক্ষক-কর্মচারীরা সেখানে ১ ঘণ্টা অবস্থান করেন। এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের বক্তব্য পরিষ্কার, সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দিয়ে যে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমরা মানি না। তবে আমরা মনে করি, এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’
এ সময় তিনি আরো বলেন, ‘বাড়িভাড়া ২০ শতাংশ, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তখনই আমাদের চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণী কার্যক্রমে ফিরে যাব না। আগামীকাল (আজ) থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। এর আগে আমরা শাহবাগ অবরোধ করেছি, টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছি, অনশন করেছি। কালো পতাকা মিছিল করেছি, ভুখা মিছিল করলাম। আমাদের কর্মসূচি চলমান। আমাদের দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা শনিবার অসুস্থ হন। রোববার আরো অনেকে অসুস্থ হয়েছেন।’
দেলোয়ার হোসেন আজিজী জানান, তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দাবি আদায়ে তিনি সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা বিকাল ৪টার দিকে হাইকোর্ট মোড় ত্যাগ করে পুনরায় শহীদ মিনারে ফিরে যান। সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম শহীদ মিনারে উপস্থিত হন।
শিক্ষকদের সমাবেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগের দাবি উঠেছে। আনুষ্ঠানিকভাবে এ দাবি করবেন কিনা জানতে চাইলে আজিজী বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দাবি করিনি। তবে আমরা দেখছি। অবজার্ভ করছি। যেহেতু অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছেন, তিনি ফিরে আসুন, তারপর যদি আমাদের অসহযোগিতা করা হয়, তাহলে হয়তো আমরা এক দফায় যাব।’


