প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না: সিলেটে ইসি আনোয়ারুল
অক্টোবর ১৯, ২০২৫
দায়িত্বশীল কর্মকর্তার কাজ হওয়া উচিত জনকল্যাণমূলক: ভূমি উপদেষ্টা
অক্টোবর ১৯, ২০২৫
প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেয়া সম্ভব হচ্ছে না: সিলেটে ইসি আনোয়ারুল
অক্টোবর ১৯, ২০২৫
দায়িত্বশীল কর্মকর্তার কাজ হওয়া উচিত জনকল্যাণমূলক: ভূমি উপদেষ্টা
অক্টোবর ১৯, ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জাবি শিক্ষার্থীদের

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিতেরও দাবি জানান তারা।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল সংসদের ভিপি রায়হান কবিরের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, জাকসু ও ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিতেরও দাবি জানান তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে দেখা যায় ‘হামার নদীর পানি কই’, ‘তিস্তা বাঁচাও দেশ বাঁচাও’, ‘জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও’, ‘আর নয় প্রহসন, তিস্তা বাঁচাও আন্দোলন’, ‘নদী বাঁচলে দেশ বাঁচবে’, ‘ভারতের পানি আগ্রাসন বন্ধ করো’ এবং ‘সেভ তিস্তা, সেভ বাংলাদেশ’ লেখা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, বাংলাদেশের শুষ্ক মৌসুম উত্তরবঙ্গের মানুষের জন্য অভিশাপের মতো। সরকার পরিবর্তন হলেও উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও কূটনৈতিক চাপে তিস্তা ইস্যুতে ব্যর্থ হয়েছে। ভারতের স্বার্থ না ভেবে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, তিস্তা শুধু উত্তরবঙ্গ নয়, পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তিস্তা সচল থাকলে উত্তরবঙ্গসহ দেশের অর্থনীতি সচল থাকবে। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে আর বর্ষায় হঠাৎ ছেড়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে। এ সময় তিনি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, বিগত সরকার বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে। তিনি অভিযোগ করেন, ভারতের বিরুদ্ধে কথা বলায় তাদের নেতা ইলিয়াস আলীকে ভারতীয় গোয়েন্দা সংস্থা গুম করেছে।

মানববন্ধনের শেষ পর্যায়ে এক অডিও বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ভারত বছরের পর বছর ধরে একতরফাভাবে তিস্তা নদী থেকে পানি প্রত্যাহার করছে, যার মূল্য দিচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ। তিনি আরো বলেন, বাংলাদেশকে তিস্তার পানির ৫০ শতাংশ ন্যায্য হিস্যা দিতে হবে এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের মানুষকে রক্ষা করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, শিক্ষক, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *