
লিন্ডে বাংলাদেশের নিট মুনাফা কমেছে ৯৫%
অক্টোবর ১৮, ২০২৫
আগামী সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ কার্যকর করা উচিত: সাইফুল হক
অক্টোবর ১৮, ২০২৫সংযুক্ত আরব আমিরাতে সদ্যই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ক্ষত না শুকাতেই এবার হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মেহেদী হাসান মিরাজের দল।
সংযুক্ত আরব আমিরাতে সদ্যই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ক্ষত না শুকাতেই এবার হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বেলা দেড়টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।
ওয়ানডেতে ৪৭ বারের মোকাবেলায় ওয়েস্ট ইন্ডিজ ২৪টি ও বাংলাদেশ ২১টি জয় পেয়েছে। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ৩-০-তে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা। যদিও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত বছর ডিসেম্বরে ৩-০-তে হেরে এসেছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে সিরিজ খেলে উভয় দল সমান ছয়বার করে চ্যাম্পিয়ন হয়েছে।
চলতি সিরিজের তিনটি ম্যাচই মিরপুরে। বাকি দুটি ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ক্যারিবীয় ও টাইগার বাহিনী।
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার সামনে ক্রিকেটের ‘ঘুমন্ত দৈত্য’ ওয়েস্ট ইন্ডিজ। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সের সামনে উঠে এল আফগান সিরিজে বিপর্যয়ের ইস্যু। এ নিয়ে তিনি বললেন, ‘কোনো সংস্করণ খেলতে ভুলে যাওয়ার ব্যাপার এটি নয়। স্রেফ একটি বাজে সিরিজ গেছে আমাদের, যেখানে আমরা ভালো জুটি গড়তে পারিনি, বিশেষ করে মাঝের ওভারগুলোয়। শুরুতে জুটি হয়েছে, মিডল অর্ডার ভেঙে পড়েছে। মাঝের সময়টায় আমাদের জুটি গড়তে হবে এবং ছেলেরা এখানেই কাজ করার চেষ্টা করছে যতটা সম্ভব। একটি বাজে সিরিজ আমাদের গেছে এবং মানছি যে ব্যাটসম্যানরা খারাপ করেছে। তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে আমাদের।’
এটি ছিল বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হার। আফগানিস্তানের কাছে দুবার এবং শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি সিরিজে হেরেছে টাইগাররা। সবশেষ আট সিরিজে জয় আছে কেবল একটিতে।
এদিকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়েই সিরিজটি জিততে চান ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার অভিযানে আছি আমরা এবং দলের মনোযোগ এখন সেদিকেই। সরাসরি খেলার জন্য এই পয়েন্টগুলো পেতে চাই আমরা।’


