
২০ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি
অক্টোবর ১৪, ২০২৫
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অক্টোবর ১৪, ২০২৫‘শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলেই কমিশন মনে করে।’
‘এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে তারা আমাদের কাছে প্রতীক না চাইলে, ইসি নিজ উদ্যোগে তাদের প্রতীক বরাদ্দ দেবে।’
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেয়ার সুযোগ নেই। দলটি যদি ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের জন্য আবেদন না করে, তাহলে কমিশন নিজ উদ্যোগে তাদের প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
এ নিয়ে এনসিপিকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘এনসিপিকে নতুন প্রতীক চেয়ে আবেদন করার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। ১৯ অক্টোবরের মধ্যে তারা আমাদের কাছে প্রতীক না চাইলে, ইসি নিজ উদ্যোগে তাদের প্রতীক বরাদ্দ দেবে।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সেখানে তিনি বলেন, ‘শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই বলেই কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত।’
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেই ইসি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে।’ তিনি জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
গণভোট আয়োজনের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘গণভোটের বিষয়ে সরকার আমাদের কিছু জানায়নি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করব না।‘
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, সচিবালয় ও মাঠ পর্যায়ে তথ্য যাচাই চলছে। নতুন দলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে।
প্রবাসী ভোটারদের বিষয়ে ইসি সচিব জানান, ১১টি দেশে তথ্য হালনাগাদের কার্যক্রম চলছে এবং আরো ৮টি দেশে শুরু হবে। প্রথম ধাপে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে কার্যক্রম শুরু হবে। এরপর বাহরাইন, স্পেনসহ আরো চারটি দেশে এটি সম্প্রসারিত হবে।


