
প্রিজাইডিং অফিসারই হবেন তার কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’: সিইসি
অক্টোবর ১১, ২০২৫অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সময়ের দাবি
অক্টোবর ১১, ২০২৫বদিউল আলম মজুমদার বলেন, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তাদের হাতে এখনো কিছু কাজ বাকি আছে, যা তারা আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করবে।
রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যেন দুর্নীতির পালাবদল না ঘটে— এমন আশা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ক্ষমতার সঙ্গে যেন জাদুর কাঠি যুক্ত না থাকে, যা রাজনীতিবিদদের রাতারাতি আকাশছোঁয়া সম্পদের মালিক বানিয়ে দেয়।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এফডিসির ৮ নম্বর অডিটরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বদিউল আলম মজুমদার বলেন, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তাদের হাতে এখনো কিছু কাজ বাকি আছে, যা তারা আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করবে। জাতির স্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে, সেই আশা রাখি।
তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু তা যেন দুর্নীতির পালাবদলে পরিণত না হয়। আমাদের দেশে দেখা গেছে, ক্ষমতায় আসার পর রাজনীতিবিদদের সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদ আকাশচুম্বি হারে বেড়েছে। ক্ষমতা যেন জনগণের সেবার হাতিয়ার হয়, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মাধ্যম না হয়— এই প্রত্যাশা আমাদের সবার।
গণভোট ইস্যুতে মতপার্থক্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্তটি সরকারের হাতে থাকা উচিত। সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কারণ নির্বাচনের আয়োজনের সঙ্গে প্রস্তুতি নিবিড়ভাবে জড়িত।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্যের বিষয় এখন সিলভার লাইন থেকে গোল্ডেন লাইনে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর রেষারেষির কারণে যদি জুলাই সনদ স্বাক্ষরে বাধা সৃষ্টি হয়, তাহলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মক ঝুঁকিতে পড়বে। আবার যেন রাজপথে রক্ত দিতে না হয়, কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে ফিরে না আসে।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোটখাটো মতভেদ দূর করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রাখার এখনই সময়। আমরা আশা করি, বিভেদের রাজনীতি পরিহার করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।


