
দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচক নিম্নমুী ছিল।
অক্টোবর ৭, ২০২৫
রাশিয়ার আরো ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত
অক্টোবর ৭, ২০২৫বহুল আলোচিত ও বিতর্কিত নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের নতুন দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
বহুল আলোচিত ও বিতর্কিত নির্বাচনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের নতুন দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। এ তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত মে মাসে অনেকটা আকস্মিকভাবেই প্রথমবারের মতো বিসিবি সভাপতি হন আমিনুল। ফারুক আহমেদকে সরিয়ে তাকে আনা হয় বোর্ডপ্রধান হিসেবে। তখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ফারুককে সরিয়ে বুলবুলকে প্রথমে পরিচালক ও পরে সভাপতি করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন তিনি। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হন গতকালের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এ অধিনায়কের।
বিসিবির ২০তম সভাপতি হলেন আমিনুল। এটা তার দ্বিতীয় মেয়াদ। ১৯তম সভাপতিও তিনি। তিনি ছাড়া শুধু নাজমুল হাসান পাপনই একাধিকবার বিসিবির সভাপতির চেয়ারে বসেছেন। প্রথমবার ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের মনোনয়নের তিনি বোর্ড সভাপতি হন। পরে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পাপন।
জুলাই-আগস্টের গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পতন ঘটে পাপনেরও। তিনি সেই থেকে আর দেশে আসেননি। পটপরিবর্তনের পরই ফারুক আহমেদকে এনএসসি পরিচালক করার মাধ্যমে বোর্ড সভাপতি করা হয়। গত মে মাসে তাকে সরিয়ে দেয়া হয়। তখন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ আবার বিসিবিতে ফিরলেন, এবার সহসভাপতি হয়ে।
বুলবুলের আগের কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করা নাজমুল আবেদীন ফাহিমের এবারের নির্বাচনেও সহসভাপতি পদে লড়ার কথা ছিল। যদিও তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ান। সেই জায়গায় সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন, যিনি ক্রিকেট প্রশাসনে বেশ নতুন। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার কিছুদিন পর শাখাওয়াত হোসেনকে তিনি পর্যটনবিষয়ক উপদেষ্টা করেছিলেন। বরিশাল বিভাগের পরিচালক ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার এ কাউন্সিলর ঢাকার হোটেল ওয়েস্টিন, হানসা ও শেরাটনের পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এবারের বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছে। পাতানো নির্বাচনের অভিযোগ তুলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নানা অনিয়মের অভিযোগে সরে দাঁড়ান ২১ প্রার্থী। এতে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যান। ক্লাব ক্যাটাগরির ১২ পরিচালকের লড়াইয়ে শুরুতে ৩০ জন থাকলেও শেষ পর্যন্ত তা নেমে আসে ১৫ জনে।
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গতকাল পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এদের মধ্যে দুজন এসেছেন এনএসসি মনোনীত হয়ে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ১১৫ কাউন্সিলর।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে পরিচালক হয়েছেন চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, ঢাকা থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান; ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে পরিচালক হয়েছেন ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম এবং ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সংস্থা) থেকে পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকে দায়িত্ব পান এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। যদিও গতকাল রাতে এক সিদ্ধান্তে এনএসসি জানায়, এম ইসফাক আহসানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ তার জায়গায় অন্য কাউকে মনোনয়ন দেয়া হবে।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা গতকাল রাতে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়, যা পরে মুলতবি করা হয়। আজ দুপুর ১২টায় আবার বসবে প্রথম বোর্ডসভা। এরপর ধাপে ধাপে গঠন করা হবে বোর্ডের বিভিন্ন কমিটি। বিসিবির পরিচালনা পর্ষদের মেয়াদকাল চার বছর।


