
বিয়ে করেছেন সমন্বয়ক রাফি
মার্চ ১৭, ২০২৫
সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, ঐকমত্য কমিশনকে চিঠি
মার্চ ১৭, ২০২৫নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমি উপদেষ্টাদেরকে বলব যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা ১৫ বছরের গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই।
তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনরা সোচ্চার ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এই কারণে তারা জীবন দিয়েছেন, সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।
তিনি আরও বলেন, আমি উপদেষ্টাদের বলব, আপনারা এই ১৫-১৬ বছরের আন্দোলন আর জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? সব রক্তস্রোত তো একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা পালিয়ে গেছেন।
রিজভী বলেন, আপনাদের (উপদেষ্টা) বলব, আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন। একেবারে মোটা চাল সেটার দাম ৫৬/৫৭ টাকা, বিআর-২৮ সেটার দাম ৬২-৬৫ টাকা, এগুলোর দিকে নজর দিন।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা, মানুষের বিশ্বাস আপনার ওপর আছে। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আপনি যে কদিন ক্ষমতায় থাকবেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এ ধরনের গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো ভিন্নমাত্রা নেবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার সানু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব রুনা লায়লা এবং দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সালেহ আক্তার।


