
নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ে মিলল শিশুর মরদেহ
সেপ্টেম্বর ২২, ২০২৬
দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেপ্টেম্বর ২২, ২০২৬বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী এবং মরদেহবাহী অ্যাম্বুলেন্স উল্টে এক নারী নিহত হন।
বগুড়া ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দিনের বিভন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী এবং মরদেহবাহী অ্যাম্বুলেন্স উল্টে এক নারী নিহত হন। মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত হয়েছে এক কিশোরী।
বগুড়া: নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন জানান, সকালে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। ঠেঙ্গামারা এলাকায় হাসপাতালের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাহালুর রামপুর এলাকার শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরো তিনজন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে শাজাহানপুরের মাথইলচাপড় এলাকায় মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম নিহত হন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, খাদিজার শাশুড়ি কোহিনূর বেগম রোববার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সকালে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে নন্দীগ্রামের বনগ্রামে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে খাদিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো তিনজন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।
মাদারীপুর: রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে। পুলিশ ও স্বজনরা জানান, ডাক্তার দেখাতে মা ও ছোট বোনের সঙ্গে মাহিন্দ্রায় করে টেকেরহাট যাচ্ছিল রাফিয়া। পথে বরিশালগামী খান পরিবহনের বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। গুরুতর আহত রাফিয়াকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা সানজিদা বেগম, ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরো চার মাহিন্দ্রা যাত্রী আহত হয়েছেন। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বাসটি আটক করেছে পুলিশ।


