
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নতুন বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরবেন বিশ্বমঞ্চে
সেপ্টেম্বর ২২, ২০২৬
নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ে মিলল শিশুর মরদেহ
সেপ্টেম্বর ২২, ২০২৬রাজধানীর গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে নতুন ভাড়া নির্ধারণের আগেই ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি নেয়ার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দূরপাল্লার রুটে এসি ও নন-এসি বাসে এ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
জ্বালানি তেলের দাম বাড়াতেই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের উদ্যোগ শুরু হয়েছে। দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া বাড়ানোর পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়াও বেড়ে গেছে। নতুন ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই দেশের বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাড়তি অর্থ গুনতে হচ্ছে পণ্য পরিবহনেও।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া সমন্বয় কমিটির গতকালের বৈঠকে সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা ও মিনিবাসের ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা বাড়ানোর দাবি থাকলেও কমিটি এর চেয়ে কম হারে ভাড়া সমন্বয়ের সুপারিশ করেছে।
সুপারিশটি সরকারের কাছে পাঠানো হবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আজকের মধ্যে নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাজধানীর গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে নতুন ভাড়া নির্ধারণের আগেই ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি নেয়ার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দূরপাল্লার রুটে এসি ও নন-এসি বাসে এ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। পরিবহনসংশ্লিষ্টদের দাবি, ডিজেলের দাম বাড়ায় প্রতি ট্রিপে কয়েক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হচ্ছে।
একইভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রাক ভাড়া এক রাতের ব্যবধানে ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ১৫ টন পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার ভাড়া ২১-২২ হাজার থেকে বেড়ে ২৫-২৬ হাজার টাকা হয়েছে। চট্টগ্রাম রুটে ২৭-২৮ হাজার থেকে বেড়ে হয়েছে ৩৪-৩৫ হাজার টাকা। নারায়ণগঞ্জেও ভাড়া বেড়েছে প্রায় ৫ হাজার টাকা।
পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো বলছে, জ্বালানি ছাড়াও টায়ার, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ও ফেরি পারাপারের খরচ বেড়েছে। ফলে বর্তমান ভাড়ায় পণ্য পরিবহন করলে লোকসান গুনতে হচ্ছে। বিশেষ করে আগাম বা বার্ষিক চুক্তিতে পণ্য পরিবহনের ক্ষেত্রে হঠাৎ ব্যয় বেড়ে যাওয়ায় পরিবহন ব্যবসায়ীদের ওপর চাপ তৈরি হয়েছে।
এদিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। গতকাল এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো জানায়, জ্বালানি ব্যয় বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে শিল্প, কৃষি, আমদানি-রফতানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে। তারা সরকারের কাছে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
এর আগে গত রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায় সরকার। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর যথারীতি বাস ভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যেই বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় শুরু হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনের খরচও বেড়ে যাওয়ায় এর প্রভাব সরবরাহ ব্যয় ও শেষ পর্যন্ত পণ্যের বাজারদরে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


