পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু পদ্মায় নিখোঁজ আরো ৭
সেপ্টেম্বর ১৩, ২০২৬
এমন এভিয়েশন খাত গড়ে তুলব যা দেশকে সমৃদ্ধ করবে
সেপ্টেম্বর ১৩, ২০২৬
পৃথক ঘটনায় পানিতে ডুবে ছয়জনের মৃত্যু পদ্মায় নিখোঁজ আরো ৭
সেপ্টেম্বর ১৩, ২০২৬
এমন এভিয়েশন খাত গড়ে তুলব যা দেশকে সমৃদ্ধ করবে
সেপ্টেম্বর ১৩, ২০২৬

পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত ফেরি পারাপার, বিআইডব্লিউটিসির সতর্কতা জারি

ফেরিগুলো ঘাটে ভিড়তে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আবার কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিগুলো ভেসে যাচ্ছে মাইলের পর মাইল।
পদ্মা নদীর পানি বাড়ার ফলে তীব্র স্রোত তৈরি হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফেরিগুলো ঘাটে ভিড়তে গিয়ে মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আবার কখনো কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিগুলো ভেসে যাচ্ছে মাইলের পর মাইল। এতে আতঙ্কিত এ নৌরুটের যাত্রীরা। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, জরুরি নির্দেশনার ভিত্তিতে দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে একটি আইটি জাহাজ। এছাড়া ফেরি চলাচলে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে বিকল হয়ে পড়ে বড় একটি ফেরি। এ সময় স্রোতের টানে ফেরির জোরালো ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় ৫ নম্বর ঘাটে পন্টুনের একাংশ। হুড়োহুড়ি আর দৌড়াদৌড়ি করে ফেরি থেকে নামে যাত্রীরা। দৌলতদিয়া ঘাটের এ চিত্র এখন প্রতিদিনের। এর আগে গত বুধবার ঘাটে ভিড়তে গিয়ে ফেরি আমানত শাহ ভেসে চলে যায় কয়েক কিলোমিটার। ৪ ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয় বিআইডব্লিউটিসির আইটি জাহাজ দিয়ে। এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের চালক জানান, স্রোতের কারণে আগের তুলনায় সময় লাগছে দ্বিগুণ। আবার তীব্র স্রোতে ও ঘূর্ণনের কারণে ফেরি দাঁড় করাতে গিয়ে বিকল হচ্ছে ফেরির যন্ত্রাংশ। অনেকটা কষ্ট করেই ফেরিগুলোকে চালাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, তীব্র স্রোতে ফেরিগুলোকে সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে। এছাড়া যদি কোনো ফেরি ভেসে যায় তাকে উদ্ধার করার জন্য আইটি জাহাজ ও মেরিন টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর অন্য ঘাট জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল গত ৬ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *