এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ
আগস্ট ১০, ২০২৬
প্রভাতী ট্রেনসহ যশোর জংশন সংস্কার ও উন্নয়নের দাবি
আগস্ট ১০, ২০২৬দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে বগুড়া, হবিগঞ্জ ও বাগেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর:
বগুড়া: একটি বিকল ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় বগুড়ার ছিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন হলেন জেলার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার তাপশ সরকার ও তার ছেলে তীব্র সরকার। অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত হয়েছেন বগুড়া সদরের আব্দুল মালেক (৩৫), দিনাজপুরের বিরামপুরের নুর ইসলাম (২২) ও মো. আলম (২৫)।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, সকালে ফ্লাইওভারের ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। তাপস সরকারের ডাকে তার ছেলে তীব্র সেখানে চাকা দিতে যান। তারা চাকা মেরামত দেখছিলেন। এ সময় অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালান। কেবিন দুমড়েমুচড়ে যাওয়ায় মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়।
হবিগঞ্জ: মাধবপুরে তেলবাহী লরি, বালিবাহী ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বেলা দেড়টার দিকে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) ও পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৫০)।
পুলিশ জানায়, বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বালিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে ট্রাকে থাকা হেল্পার রিপন ও অটোরিকশার যাত্রী আবুল খায়ের মারা যান।
বাগেরহাট: শরণখোলায় ‘হামিম পরিবহন’-এর একটি বাসের ধাক্কায় ইজিবাইকচালক মো. হানিফ ব্যাপারী (৭০) নিহত হয়েছেন। সকালে রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো তিনজন।


