১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
জুলাই ১২, ২০২৬
৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা
জুলাই ১২, ২০২৬দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা পর্যায়ে মেডিকেল টিম গঠন, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুদ, অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ এবং গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে একটি জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাতটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন মনোনয়ন দিয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। জরুরি যোগাযোগের জন্য ফোকাল পারসনের মোবাইল নম্বর সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতেও বলা হয়েছে।
বন্যাকবলিত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয়সংখ্যক মেডিকেল টিম গঠনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনগণকে অবহিত রাখার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, সব উপজেলা পর্যায়ে জরুরি ওষুধ, ওরস্যালাইন, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে হবে। সাপের ছোবলে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ এবং প্রয়োজন হলে অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে হবে।
এছাড়া বন্যাকবলিত এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তাদের হাসপাতালে স্থানান্তর এবং পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো নির্দেশ দিয়েছে, বন্যাকবলিত উপজেলা ও জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


