চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
জুলাই ১১, ২০২৬
বিশ্বের সেরা সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর
জুলাই ১১, ২০২৬
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
জুলাই ১১, ২০২৬
বিশ্বের সেরা সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর
জুলাই ১১, ২০২৬

বিশ্ববাজারে দাম নিম্নমুখী ইউরিয়া কিনতে বৈশ্বিক সরবরাহকারীদের সঙ্গে নতুন করে দরকষাকষিতে বিসিআইসি

বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসায় আমদানির আগের উদ্যোগগুলো পুনর্মূল্যায়ন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

সরকার থেকে সরকার (জিটুজি), আন্তর্জাতিক দরপত্র ও সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম)—তিনটি পথেই ইউরিয়া আমদানির উদ্যোগ নানা কারণে বাধাগ্রস্ত হওয়ায় এখন বৈশ্বিক সরবরাহকারীদের সঙ্গে নতুন করে দরকষাকষি করছে সংস্থাটি।

বিসিআইসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশে ইউরিয়ার চাহিদা হবে ২৬ লাখ ২২ হাজার টন। চলমান আমন মৌসুমে প্রয়োজন হবে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টন সার। গত অর্থবছর শেষে দেশে ইউরিয়ার মজুদ ছিল প্রায় ছয় লাখ টন। অন্যদিকে বিসিআইসির দুটি চালু কারখানায় প্রতিদিন প্রায় ৪ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে।

বিসিআইসির কর্মকর্তারা বলছেন, বর্তমান উৎপাদন ও মজুদ দিয়ে আপাতত আমন মৌসুমের চাহিদা পূরণ করা সম্ভব। তবে নীতিমালা অনুযায়ী নিরাপত্তা মজুদ হিসেবে অন্তত পাঁচ লাখ টন ইউরিয়া সংরক্ষণ করতে হয়। দ্রুত আমদানি না হলে তাৎক্ষণিক সংকট না হলেও বড় কোনো দুর্যোগ বা সরবরাহ বিঘ্ন দেখা দিলে সমস্যা তৈরি হতে পারে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার সময় সম্ভাব্য সরবরাহ ঝুঁকি বিবেচনায় সাত লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ নেয় বিসিআইসি। এর মধ্যে তিন লাখ টন জিটুজি এবং চার লাখ টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনার পরিকল্পনা ছিল। প্রথম দফায় দুই লাখ টনের দরপত্র আহ্বান করা হলেও কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। পরে আরো দুই দফা দরপত্র ও পুনঃদরপত্র আহ্বান করা হয়। চার লাখ টনের বিপরীতে শেষ পর্যন্ত মাত্র সোয়া এক লাখ টনের প্রস্তাব পাওয়া যায়। কিন্তু এ সময়ের মধ্যে বিশ্ববাজারে ইউরিয়ার দাম কমে যাওয়ায় সেসব প্রস্তাবও গ্রহণ করেনি বিসিআইসি।

এদিকে জিটুজি ব্যবস্থায় এরই মধ্যে প্রায় দেড় লাখ টন ইউরিয়া দেশে এসেছে। আরো ৬৯ হাজার টন ইউরিয়া বহনকারী জাহাজ দেশের পথে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বেসরকারিভাবে আমদানির উদ্যোগে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এক লাখ টন আমদানির উদ্যোগ নেয়া হয়। ১৭ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনও দেয়। রাশিয়া থেকে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডেলটা স্টার ট্রেডিং সার সরবরাহের কাজ পায়। প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) জমা দিতে পারেনি। এমনকি ১৪ জুলাইয়ের মধ্যে প্রথম চালানের ৪০ হাজার টন সরবরাহেরও কথা। সেটিও হচ্ছে না। ফলে তাদের সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটছে বিসিআইসি।

বিসিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডেলটা স্টারের প্রস্তাবে প্রতি টন ইউরিয়ার মূল্য ধরা হয়েছিল ৭০৫ ডলার। এর মধ্যে ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য ছিল ৬০০ ডলার; বাকি অংশ জাহাজ ভাড়া, ব্যাগিং ও স্থানীয় পরিবহন ব্যয়। অথচ আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিশ্ববাজারে প্রতি টন ইউরিয়ার দাম ছিল ৪১৬ দশমিক ৫০ ডলার। তাই বর্তমান বাজারে পরিবহনসহ সব ব্যয় মিলিয়েও প্রতি টন ৫০০ ডলারের কমে ইউরিয়া আমদানি করা সম্ভব।

ডিপিএম ও আন্তর্জাতিক দরপত্রে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও জিটুজি ভিত্তিতে পুরনো সরবরাহকারী দেশগুলোর সঙ্গে নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছে বিসিআইসি। সংস্থাটির ক্রয় বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে সর্বোচ্চ ৮ লাখ ২০ হাজার টন ইউরিয়া কেনার চুক্তি হতে পারে। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার টন নিশ্চিতভাবে কেনা হবে। বাকি পাঁচ লাখ টন থাকবে ঐচ্ছিক, যা প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করা হবে।

একইভাবে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোবের সঙ্গে ১ লাখ ৬০ হাজার টন ইউরিয়া কেনার চূড়ান্ত চুক্তির প্রস্তুতি চলছে। এ চুক্তিতেও অতিরিক্ত দুই লাখ টন ঐচ্ছিক রাখা হবে। আগামী সপ্তাহে সাবিক এবং আগস্টের শুরুতে ফার্টিগ্লোবের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার আশা করছে বিসিআইসি। এছাড়া দেশের উৎপাদক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সাড়ে পাঁচ লাখ টন ইউরিয়া কেনার পরিকল্পনা রয়েছে। দেশীয় কারখানাগুলো থেকে মোট ১৪ লাখ টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রাশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইসহ অন্যান্য উৎস থেকে আরো ১ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক, উৎপাদন ও গবেষণা) মো. মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘সৌদি আরবের সাবিক এবং আরব আমিরাতের ফার্টিগ্লোব আমাদের পুরনো সরবরাহকারী প্রতিষ্ঠান। তাদের সঙ্গে চুক্তির (নবায়ন) সরকারি অনুমোদন পাওয়া গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকতা শেষ হবে। চুক্তি হলে পরের মাস থেকেই সার পাওয়া যাবে।’

বিসিআইসির একটি সূত্র জানিয়েছে, গত মাসে সাবিক ও ফার্টিগ্লোব থেকে মোট ৯০ হাজার টন ইউরিয়া কেনার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু সে সময় টনপ্রতি দাম ছিল ৫৫০ ডলারের বেশি। পরে বিশ্ববাজারে দাম প্রায় ৪২০ ডলারে নেমে আসায় সে চালান নেয়া হয়নি।

এ বিষয়ে বিসিআইসির পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘আপাতত সংকট নেই, সে জন্য ওই চালান নেয়ার প্রয়োজন মনে করিনি। তাদের (সরবরাহকারী প্রতিষ্ঠান) আপত্তি আছে কিনা, সে বিষয়েও কিছু লিখিতভাবে জানায়নি। নতুন চুক্তির জন্য এগোচ্ছি। চুক্তিতে এটার প্রভাব পড়বে বলে মনে হয় না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *