
ঈদের পর কারখানা খুলতেই শিল্প এলাকায় ছাঁটাই তৎপরতা
জুন ৮, ২০২৬
হাম ও হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
জুন ৮, ২০২৬
জাতীয় সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে বলার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করে তিনি এ পরামর্শ দেন।
গতকাল সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জেরে স্পিকার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটার আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপর দেবেন।’
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর দেয়া একটি প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ‘আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় ১ মের মধ্যে গ্যাস সংযোগ দেয়ার কথা ছিল। এরপর আরো এক মাসের বেশি পার হয়ে গেছে। এখনো তা বাস্তবায়ন হয়নি। কবে নাগাদ গ্যাস সংযোগ পাওয়া যাবে?’
জবাবে মন্ত্রী দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ সদস্য বিদ্যুৎ চাচ্ছেন আবার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্লান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে তার ওখানে আমরা সংযোগ দিতে পারছি না।’
মন্ত্রী আরো বলেন, ‘গত ১৭ বছরে কোনো দিন ড্রিলিং (খনন) করা হয়নি। আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি গ্যাস পাব। গ্যাস পাওয়ার পর আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় সংযোগ দিতে পারব।’
তবে স্পিকার পরে মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, সংসদে দেয়া আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ সময় তিনি ভবিষ্যতে সংসদে বক্তব্য দেয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দেন।


