তিন দিনের সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী
জুন ৭, ২০২৬
ইরানে মার্কিন হামলার পর কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
জুন ৭, ২০২৬
তিন দিনের সফরে রাশিয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী
জুন ৭, ২০২৬
ইরানে মার্কিন হামলার পর কুয়েত-বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
জুন ৭, ২০২৬

এগারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ জনের

নোয়াখালীতে বিয়ের মাত্র চারদিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কুমিল্লায় পাঁচজন, কুড়িগ্রামে দুজন, নরসিংদীতে দুজন, ঢাকায় দুজন এবং মিরসরাই, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, বরগুনা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে একজন করে রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

কুমিল্লা: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় এবং চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। পুলিশ জানায়, শাহ আলী সুপার পরিবহনের একটি বাস কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল। রতনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

অন্যদিকে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বরুড়া উপজেলার মইসার গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ছানা উল্লাহ (৩৪) এবং মুরাদনগর উপজেলার বাসিন্দা অন্তর (২২)। ছানা উল্লাহ কুমিল্লা সিটি করপোরেশনের পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদের সাবেক খাদেম ও বর্তমানে বিআরটিসি জামে মসজিদের খতিব ও মুয়াজ্জিন ছিলেন।

নরসিংদী: জেলার বেলাব উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

কুড়িগ্রাম: জেলার রাজারহাটে মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম: মিরসরাইয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম মো. মজিবুল হক (৭২)। তিনি উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, ‘‌পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।

স্বজনরা জানান, গত মঙ্গলবার খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর গতকাল রাতে বন্ধু রিফাতকে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে সাগর ও রিফাত গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সাগরের মৃত্যু হয়।

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার সিলেট-দিরাই মহাসড়কে একটি ইটভাটার কাছে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেন (৩৮) নামে একজন নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে। আনোয়ার শরীফপুর কেভি অটোব্রিকসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা: বিমানবন্দর এলাকা ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এপিবিএন-সংলগ্ন পেট্রল পাম্পের সামনে গাড়ির ধাক্কায় আব্দুল হাই নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর বনানীর মহাখালী আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভাটিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসটির হেলপার মোহাম্মদ রফিক নিহত এবং দুজন আহত হন। আহতরা হলেন মোহাম্মদ রনি ও মোহাম্মদ ফিরোজ। তারা চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর: বাবার বাড়ি যাওয়ার পথে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শিমু (২৫) উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই ইউনিয়নের কালীবাজার এলাকার কাঠমিস্ত্রি শরীফ হোসেনের স্ত্রী।

বরগুনা: জেলার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মো. সজীব হাওলাদার (২৫) ও তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানের চাকা ফেটে চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার নয়াগাঁও এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানোর পর কাভার্ড ভ্যানটি সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে খুঁটিটি ভেঙে পড়ে এবং এলাকায় সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। নিহত চালকের বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।

পটুয়াখালী: জেলার দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার লালখা ব্রিজ-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *