
ধারণার চেয়েও অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মে ১৯, ২০২৬
নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে
মে ১৯, ২০২৬দেশের আকাশে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে ২৮ মে (বৃহস্পতিবার) জিলহজ মাসের ১০ তারিখ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সিদ্ধান্ত ঘোষণা করেন। সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্ম সচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হকসহ আরো অনেকে।
প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। এ ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য সাতদিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের ঈদে টানা সাতদিনের ছুটি উপভোগ করবেন তারা। ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫-৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন: আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে পাঁচদিন ছুটি থাকবে। গতকাল সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে। নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিসে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬-৩০ মে ঈদুল আজহার ছুটি। সে হিসাবে ২৭-৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশ হবে না।
এর আগে এবারের ঈদুল ফিতরেও পাঁচদিন ছুটি ভোগ করেছেন সংবাদপত্রের কর্মীরা।


