ইরাকে মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ২৩ দফা হামলার দাবি
মার্চ ২৫, ২০২৬
অর্থবছরের প্রথম আট মাস হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি
মার্চ ২৫, ২০২৬
ইরাকে মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ২৩ দফা হামলার দাবি
মার্চ ২৫, ২০২৬
অর্থবছরের প্রথম আট মাস হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি
মার্চ ২৫, ২০২৬

ঢাকার চারপাশে বাইপাস সড়ক, শহরে নির্মাণ হবে নতুন ওভারপাস ও আন্ডারপাস

রাজধানী ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকার চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয়ার কথাও বলা হয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত বিশেষ এ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে অংশ নেয়া সংশ্লিষ্টরা মনে করেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে এপ্রিলের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট অনেকটা নিরসন সম্ভব। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হবে।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে। ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এছাড়া ঢাকা শহর থেকে অপসারণ করা হবে যত্রতত্র থাকা সব বাস কাউন্টার। অতিদ্রুত ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনালও সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে। এ পাঁচ বাস টার্মিনাল চালু করা হবে ‘সিটি সার্ভিসের’ জন্য। রাস্তার দুই পাশ দখলমুক্ত করা হবে। রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটিও সরিয়ে ফেলা হবে। ঢাকা শহরের ভেতরে রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি চালু করা হবে অটো সিগন্যাল লাইটিং সিস্টেম। সিটি বাসকে আনা হবে জিপিএস সিস্টেমের আওতায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, ঢাকার অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি শহরের হাসপাতাল এলাকায় ফুটওভার ব্রিজে স্থাপন করা হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট। প্রস্তাবিত পরিকল্পনার অধিকাংশই আগামী ৭ এপ্রিলের মধ্যে বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক। এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন বলেও জানান আতিকুর রহমান রুমন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম; ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন; শ্রমিক নেতা ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু; বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা; পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২ মার্চ রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন।

এদিকে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস গতকাল সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন। তার আগে সকাল ৮টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের বাসা থেকে বের হন বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *