
প্রথম শিশুপ্রহরে পাপেট শো দেখে উচ্ছ্বসিত খুদে পাঠকরা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা
মার্চ ১, ২০২৬রমজান ঘিরে রাজধানীর মাছের বাজারে যেন এক অদৃশ্য প্রতিযোগিতা—কে আগে কিনবেন দেশী মাছ।
তবে স্বাদ আর পুষ্টিগুণের টানে চাহিদা বাড়লেও আকাশচুম্বী দামের কারণে বেশির ভাগ ক্রেতাকেই বাড়ি ফিরতে হয় চাষের মাছ কিনে। খাল, বিল, নদ-নদী থেকে ধরা শোল, কৈ, শিং, মাগুর, টেংরা, বোয়াল, পাবদা কিংবা আইড়—এসব মাছের সামনে দাঁড়িয়ে দরদাম করতেই যেন তাদের হাঁসফাঁস অবস্থা। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার ও নতুনবাজার ঘুরে দেখা গেছে, দেশী মাছের বেশির ভাগেরই কেজি বিক্রি হচ্ছে হাজার টাকার ওপর। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম, চাহিদা বেশি—এ সমীকরণেই বাড়ছে দাম।
বিক্রেতারা বলছেন, চাষের মাছে ফিড ও মেডিসিন ব্যবহারের ফলে স্বাদ কম হয়। এছাড়া বিভিন্ন সময় নানা রোগবালাইয়ের তথ্যও পাওয়া যায়। অন্যদিকে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতাও বাড়ছে। তারা এখন মুক্ত জলাশয়ের মাছ খোঁজেন। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় পাল্লা দিয়ে দামও বাড়ছে এসব মাছের।
রমজানে ইফতার ও সাহরির টেবিলে ভিন্ন স্বাদের খাবার রাখতে চান অনেকেই। ভাজা টেংরা কিংবা পুঁটি, সরষে বোয়াল বা ঝোল শোল—এসব পদে বাড়তি আকর্ষণ থাকে। সারা বছর দেশী মাছের ক্রেতা থাকলেও রমজানে তাই সে চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।
বিক্রেতাদের ভাষ্য, দেশী মাছের বড় অংশই আসে দেশের বিভিন্ন নদ-নদী ও হাওরাঞ্চল থেকে। মৌসুম ও আবহাওয়ার ওপর নির্ভর করে সরবরাহ। বছরের নির্দিষ্ট সময়ে কিছু মাছ বেশি পাওয়া গেলেও সার্বিকভাবে দেশী মাছের পরিমাণ সীমিত। দামও তাই বেশি এ মাছের। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য দেশী মাছ এখন অনেকটাই ‘বিলাসপণ্য’ হয়ে উঠছে।
কারওয়ান বাজারের মাছ বিক্রেতা রফিক বলেন, ‘চাষের মাছ তো সবসময়ই পাওয়া যায়। কিন্তু নদীর মাছ এলে ক্রেতারা ভিড় করেন। দাম বেশি হলেও অনেকে কিনছেন।’
বাজারে গতকাল সরজমিনে দেখা যায়, দেশী শিং মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে। পাবদা ও কৈ মাছের দাম ছিল ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা। বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার টাকায় কিনতে হয়। এছাড়া টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকা, টাকি ও পুঁটি মাছ ৪০০ থেকে ৬০০, বেলে মাছ আকারভেদে ৪৫০ থেকে ৭০০, গুঁচি মাছ ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছিল। ৪০০ থেকে ৪৫০ গ্রাম ওজনের প্রতি কেজি শোল মাছের দাম ছিল ৪৫০ থেকে ৫০০ টাকা।
মিনি বা মেনি মাছের দাম ৫০০ থেকে ৬০০ টাকা, ফলি মাছ ৪০০ থেকে ৪৫০, বিলের সরপুঁটি ৩৫০ থেকে ৩৮০, কাঁচকি ৪০০ থেকে ৫৫০, ফাইসা ৪০০ থেকে ৫৫০ টাকা, চাপিলা ৪০০ থেকে ৪৫০, দেশী চিংড়ি ৫০০ থেকে ৭০০, বড় আকারের চিতল ৬০০ থেকে ৭৫০ টাকা কেজি। এছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের আইড় মাছ ৭০০ টাকা, কোরাল মাছ ৬০০, দুই কেজির বেশি ওজনের রুই মাছ ৩৫০, আড়াই থেকে তিন কেজি ওজনের কাতলা মাছ ৩৮০ থেকে ৪০০, আড়াই কেজি ওজনের মৃগেল ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হয়।
দেশী মাছ না চিনলে অবশ্য প্রতারিত হওয়ার শঙ্কা রয়েছে। বাজারে অনেক অসাধু ব্যবসায়ী চাষের মাছকেও দেশী বা নদ-নদী, খাল-বিল, হাওরের বলে অতিরিক্ত দামে বিক্রি করেন বলে অভিযোগ আছে।
কারওয়ান বাজারে গতকাল চাষের পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বিগহেড ২৪০ থেকে ২৫০, পাঙাশ ১৮০ থেকে ২২০, তেলাপিয়া ১৮০ থেকে ২০০, শিং মাছ ৩০০ থেকে ৪০০, কৈ ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. উজ্জল বণিক বার্তাকে বলেন, ‘আমার দোকানে দেশী মাছ বেশি থাকে। কিছু ক্রেতা আছেন যারা সব সময় এখান থেকে মাছ কেনেন এবং দেশীটাই নেন। এসব মাছের দাম কিছুটা বেশি হলেও ব্যাপক চাহিদা রয়েছে।’ তবে তিনি দাবি করেন, ‘সাধারণ সময় মাছ বেশি বিক্রি হলেও রজমানে বিক্রি কমেছে। কারণ এ মাসে অধিকাংশ মানুষই একবার ভাত খায়। সে জন্য মাছও কম কেনেন।’
কারওয়ান বাজারে গতকাল মাছ কিনতে আসা মো. ওলিউল্লাহ নামের এক ক্রেতা বলেন, ‘খুব সমস্যায় না পড়লে চাষের মাছ কিনি না। প্রাকৃতিক জলাশয়ের মাছের স্বাদ বেশি। এগুলোয় ক্ষতিকারক উপাদানও কম থাকে। সে জন্য নিরাপদ খাদ্য হিসেবে দেশীটাই কিনি সব সময়।’
আব্দুল বাতেন নামে আরেক ক্রেতা বলেন, ‘মাছ না চিনলে অনেক অসাধু বিক্রেতার কাছে প্রতারিত হতে হয়। অনেকে চাষের মাছকেও নদ-নদী, খাল-বিলের বলে বেশি দামে বিক্রি করে।’
মৎস্য গবেষকরা বলছেন, মানুষ আগে দেশী বা মুক্ত জলাশয়ের মাছই সবাই খেত। এরপর এল অ্যাকুয়াকালচার। এতে উৎপাদন বাড়ে, কিছুটা সহজলভ্য হওয়ায় মানুষ সেগুলো গ্রহণও করে। এতে দেশী প্রজাতির প্রতি গুরুত্ব কমতে থাকে। কিন্তু চাষের জমিতে মাছের উৎপাদন বাড়াতে গিয়ে ফিড বা কৃত্রিম খাবার ব্যবহার শুরু হয়। এতে স্বাদ কমে যায়। মানুষ তখন উপলব্ধি করল, প্রাকৃতিকভাবে ও প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা এবং চাষের মাছের স্বাদের পার্থক্য ব্যাপক। ফলে প্রাকৃতিক জলাধারের মাছকেই আবার গুরুত্ব দেয়া শুরু হয়। এখন সরকারি-বেসরকারি নানা উদ্যোগ ও গবেষণার ফলে এসব মাছের অনেক প্রজাতি ফিরে এসেছে। এগুলোর দাম অনেকটাই বেশি হলেও চাহিদা কিন্তু কমেনি।
স্বাস্থ্য সচেতনতার কারণে দেশী মাছের চাহিদা বাড়ছে কিনা জানতে চাইলে মৎস্য গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন বণিক বার্তাকে বলেন, ‘চাষের মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ঠিক না। অধিকাংশ খামারিই নিরাপদ মাছ উৎপাদন করছেন। তবে অনেক খামারি অতিরিক্ত মুনাফার আশায় কম দামি খাবার খাওয়ায়, যেগুলোয় ভারী ধাতু ও টক্সিন থাকে। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিরাপদ খাদ্য সচেতনতা বাড়াতে সরকারিভাবে প্রচারণা চালানো দরকার। এখানে বিভিন্ন প্রকল্প নেয়া যেতে পারে। তাহলে খামারি ও ভোক্তা সবাই আরো সচেতন হবে।’


