যশোরে এক-তৃতীয়াংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
জানুয়ারি ৩১, ২০২৬
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
জানুয়ারি ৩১, ২০২৬
যশোরে এক-তৃতীয়াংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
জানুয়ারি ৩১, ২০২৬
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
জানুয়ারি ৩১, ২০২৬

বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন চান খুলনা-৫ আসনের ভোটাররা

ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা।

ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা। নদী-খাল ভরাটের পাশাপাশি দখল, জলকপাট অকেজো হওয়ার কারণে বছরজুড়েই জলাবদ্ধ থাকে এর বেশির ভাগ এলাকা। বর্ষা মৌসুমে ভোগান্তি আরো বেড়ে যায়। বিগত সময় নির্বাচনের আগে প্রার্থীরা এ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে এবার আশ্বাস নয়, সার্বিক উন্নয়নসহ জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন, এমন প্রার্থীকেই বেছে নিতে চান এ অঞ্চলের ভোটাররা।

খুলনা নগরের খানজাহান আলী, আড়ংঘাটা থানা ও ডুমুরিয়া, ফুলতলা এবং যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার অংশবিশেষ নিয়ে বিল ডাকাতিয়ার বিস্তৃতি। প্রায় ১৪ হাজার ৩০০ হেক্টর আয়তনের বিলের সঙ্গে সংযোগ রয়েছে বরুনা, মধুগ্রাম, তাওয়ালিয়া, কপালিয়া, দোহাকুলা, খুকশিয়া, শিংগা, মাধবকাটি, খড়িয়া ও মির্জাপুরসহ বেশকিছু বিলের।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জলাবদ্ধতার কারণে তিন যুগ ধরে এ অঞ্চলের কৃষিজীবী মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে। ১৯৯০ সালের পর থেকে জলাবদ্ধতা নিরসন, ফসলের জন্য পানির সমস্যা সমাধান এবং মাছের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে সরকারের কয়েকটি সংস্থা কোটি কোটি টাকার প্রকল্প নিলেও তা কাজে আসেনি। বরং প্রকল্পের নামে লুটপাট হয়েছে।

ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম এলাকার বাসিন্দা ও উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ বলেন, ‘দেশের বৃহত্তম বিল ডাকাতিয়াসহ ছোট-বড় ২৭টি বিল, ১৩৬টি খাল ও ১১টি নদী রয়েছে ডুমুরিয়ায়। এসব বিলের পানি মূলত খাল দিয়ে নদ-নদীতে যায়। তবে খালগুলোর অধিকাংশ দখল ও প্রায় সব নদী পলি জমে ভরাট হয়ে গেছে। পলি জমেছে নদ-নদীতে থাকা পানি নিষ্কাশনের জলকপাটেও। এতে সুষ্ঠু পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।’

ডুমুরিয়া সদরের বাসিন্দা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আবদুল কাদের খান বলেন, ‘বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতা শুধু এ অঞ্চলের অবকাঠামোগত সমস্যা নয়; প্রশাসনিক অব্যবস্থাপনা ও অবহেলার ফলও, যা এখন রূপ নিয়েছে মানবিক বিপর্যয়ে। বর্ষা মৌসুমে এখানকার বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। জলাবদ্ধতার কারণে বিস্তীর্ণ এ অঞ্চলে মানুষের জীবন-জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। ডোঙাতেই চলাচল করতে হয় স্থানীয়দের।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খুলনা সিটি করপোরেশন-সংলগ্ন দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন মোহাম্মদ আলী আসগর লবী। এছাড়া ভোটের মাঠে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও দলটির প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, জাতীয় পার্টির শামিম আরা পারভীন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্তরঞ্জন গোলদার।

বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন বিএনপি প্রার্থী আলী আসগর লবী। তিনি বলেন, ‘স্থায়ী জলাবদ্ধতা স্থানীয় মানুষের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিগত সময়ে ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনের নামে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতারা কেবল অর্থ লুটপাট করেছেন। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে নদী-খাল খননের মাধ্যমে আগের রূপে ফিরিয়ে আনার জন্য কাজ করব।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিগত সময়ে আমি সংসদ সদস্য থাকাকালীন এলাকায় প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। ডুমুরিয়া-ফুলতলায় স্থায়ী জলাবদ্ধতাসহ বহুমুখী সমস্যা রয়েছে। এবার নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনসহ ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *