ভোটের হিসাব বুঝে নেয়ার আহ্বান তারেক রহমানের
জানুয়ারি ২৭, ২০২৬
সেনাসদরে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
জানুয়ারি ২৭, ২০২৬
ভোটের হিসাব বুঝে নেয়ার আহ্বান তারেক রহমানের
জানুয়ারি ২৭, ২০২৬
সেনাসদরে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
জানুয়ারি ২৭, ২০২৬

কুষ্টিয়ায় জনসভায় জামায়াত আমির আমরা কারো ওপর প্রতিশোধ নেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তারা কারো ওপর প্রতিশোধ নেবেন না। তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে তারা কারো ওপর প্রতিশোধ নেবেন না। তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে আমরা কারো ওপর প্রতিশোধ নেব না। অন্যায়ভাবে কাউকে মামলায় আসামি করা হবে না। জামায়াত অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করেনি।’

গতকাল কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী সফরের উদ্দেশে গতকাল ঢাকা থেকে হেলিকপ্টারে কুষ্টিয়ায় আসেন। কুষ্টিয়ায় জনসভা শেষে তিনি এদিন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহেও নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুষ্টিয়া: জামায়াত আমির বলেন, ‘আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনো মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও করিনি। আমাদের আটটি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরি মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।’

তিনি বলেন, ‘যারা চাঁদাবাজি করছেন তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চাই। চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন, তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা গত ৫৪ বছর ধরে দেশটাকে ভোগ করেছে, লুটেপুটে তছনছ করেছে—তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রে পরিবর্তন না এলে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে যাদের গুম করা হয়েছে, তাদের স্বজনরা আমাদের কাছে আসেন, আকুতি জানান। তারা বলেন, ওইসব গুম হয়ে যাওয়া মানুষগুলো বেঁচে থাকলে তাদের ফিরিয়ে

দিন, যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে মরদেহ ফিরিয়ে দিন, যদি কবর দেয়া হয়ে থাকে, তাহলে কবরের মাটি দিন। এ কথাগুলো আমরা নিতে পারি না। আমাদের সহ্যক্ষমতার বাইরে চলে যায়।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণায় দিশাহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা-বোন আছে। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের মা-বোনদের সম্মান আমরা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কুষ্টিয়ার চালকলে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায়, তো এজন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। এতে ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতীষ্ঠ। আমরা দেশের সব মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেব। যারা চাঁদাবাজি কর তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব সেদিন তোমরাও সম্মানের সঙ্গে এ দেশে বসবাস করবে।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা কী করছেন তাও আমরা দেখেছি। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।’

কুষ্টিয়া চিনিকল বন্ধ থাকার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘বিশ্বজুড়ে শিল্পায়ন হচ্ছে, আর আমাদের এখানে একের পর এক কলকারখানায় তালা ঝুলছে।’ তিনি সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর উদাহরণ দিয়ে বলেন, ব্যক্তিগত সততা ও স্বজনপ্রীতিহীন নেতৃত্ব থাকলে লোকসানি শিল্পও লাভজনক করা সম্ভব।

সভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জামায়াতের কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের প্রার্থী আফজাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবা প্রমুখ।

জনসভাটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর আমির এনামুল হক।

মেহেরপুর: দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‌আগামী ১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না।’

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মেহেরপুর-১ আসনের প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ গাংনী আসনের প্রার্থী মো. নাজমুল হুদার সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা: জেলা শহরের টাউন ফুটবল মাঠে বিকালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো হবে এবং কোনো নতুন ফ্যাসিবাদকে মাথাচাড়া দেয়ার সুযোগ দেয়া হবে না। জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করে না। নির্বাচনী মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তাকে লাল কার্ড দেখানো হবে, যেমন ২০২৪ সালে যুবসমাজ ফ্যাসিবাদীদের লাল কার্ড দেখিয়েছিল।’

বিশ্ববিদ্যালয়গুলোয় ইসলামী মূল্যবোধের প্রসারের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের জয় হয়েছে এবং আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইসলামের জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঝিনাইদহ: সন্ধ্যায় শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘‌সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি–দুর্নীতি বন্ধ করা হবে। দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে দুর্নীতি করতে না পারে।’

জামায়াত আমির বলেন, ‘আমি এসেছি বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের স্মরণ করতে। আমরা সেসব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি, পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন করি নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কিনা। তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’

চুরি বন্ধ করলে মাত্র পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেয়া হবে উল্লেখ করে জামায়াত আমির আরো বলেন, ‘যারা দুর্নীতি করেন, তাদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনে দলের প্রার্থী আলী আজম মো. আবু বকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *