জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা
ডিসেম্বর ৯, ২০২৫
যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ডিসেম্বর ৯, ২০২৫
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা
ডিসেম্বর ৯, ২০২৫
যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ডিসেম্বর ৯, ২০২৫

জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ

হকিতে যেকোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে স্থান নির্ধারণী ‘চ্যালেঞ্জার ট্রফি’ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা।

হকিতে যেকোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে স্থান নির্ধারণী ‘চ্যালেঞ্জার ট্রফি’ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা। ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে গতকাল অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ১৭তম হওয়ার কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

চেন্নাইয়ের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গতকাল হ্যাটট্রিক করেছেন উদীয়মান তারকা আমিরুল ইসলাম। একটি করে গোল পান রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন।

২৪ দলের বিশ্বকাপে আগামীকাল ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও জার্মানি, ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করে। ৬টি গ্রুপ চ্যাম্পিয়ন ও ২টি সেরা গ্রুপ রানার্সআপ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বাকি ৪টি রানার্সআপ দল ও তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৪টি নবম থেকে ১৬তম স্থান নির্ধারণী প্লে-অফে উত্তীর্ণ হয়। আর বাকিরা ১৭তম থেকে ২৪তম স্থান নির্ধারণী লড়াইয়ে অবতীর্ণ হয়। এই ৮ দল হলো বাংলাদেশ, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মিসর, কানাডা, নামিবিয়া ও ওমান। শেষ ৮টি দলের মধ্যে সেরা হলো বাংলাদেশ।

বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন ডিফেন্ডার আমিরুল। গতকাল পর্যন্ত তিনি টুর্নামেন্টসেরা ১৮ গোল করেন। এর মধ্যে হ্যাটট্রিকই করেছেন পাঁচটি। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল করেছেন দক্ষিণ কোরিয়ার লি মিন-হিউক।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ ও ফ্রান্সের কাছে ৩-২ গোলে হারলেও দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ৩-৩ গোলে। এরপর স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩-০ গোলে হারিয়ে চমক দেখান আমিরুলরা। সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এরপর দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৫-৩ গোলে ও গতকাল অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ।

হকির যেকোনো পর্যায়ের প্রথম বিশ্বকাপে ৬ ম্যাচের তিনটি জিতেছে বাংলাদেশ, বাকি তিন ম্যাচে ছিল দুটি হার ও একটি ড্র। ম্যাচগুলোতে ৩১ গোল করা লাল-সবুজরা হজম করেছে ১৮ গোল। ৬ ম্যাচে একবারো অসহায় আত্মসমর্পণ করেননি আমিরুলরা। দুটি হার ছিল বিশ্ব হকির দুই প্রতিষ্ঠিত শক্তি অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

বাংলাদেশের ৬ ম্যাচের সবগুলোতে গোল করেছেন আমিরুল। একমাত্র ফ্রান্সের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি, বাকি ৫ ম্যাচেই করেছেন তিন কিংবা তার চেয়ে বেশি গোল! যার মাধ্যমে জুনিয়র ওয়ার্ল্ড কাপের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন এ তারকা। তার পারফরম্যান্স উজ্জীবিত করেছে গোটা দলকে।

বাংলাদেশ কোচ সিগফ্রিড আইকম্যান তার দলকে নিয়ে বলেন, ‘জয় সবসময়ই দারুণ। আমি মনে করি, আমরা প্রতি ম্যাচে উন্নতি করেছি। আমরা একটি কঠিন গ্রুপে ছিলাম। কিন্তু এটা আমাদের এমন একটা লেভেলে খেলার সুযোগ দিয়েছে, যেখানে আমরা আগে কখনো খেলিনি। ২৪ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ ছিল আমাদের মতো দলগুলোর জন্য আশীর্বাদ। এখন আমরা জানি কোথায় কোথায় উন্নতি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *