টিকে গ্রুপের বিনিয়োগে দেশের সর্ববৃহৎ রিফাইনারি উৎপাদনে আসছে মার্চে
আগস্ট ১৫, ২০২৬
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
আগস্ট ১৫, ২০২৬চট্টগ্রাম বন্দর এলাকায় একটি তেলবাহী ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তথ্যমতে, গতকাল দুপুরে প্রায় ৩৩ হাজার টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক (আইএমও: ৯৬২৯৯৫২) নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সান শাইনের (আইএমও: ৯৪০৫৪৩৫) সঙ্গে ধাক্কা খায়। তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হয়নি। তবে কোনো তেল নিঃসরণ বা হতাহতের ঘটনা ঘটেনি।
সংঘর্ষে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক এক বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় জাহাজে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরে ১০ শ্যাকেল করে কেবল ছাড়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে। জাহাজের সবকটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং কোনো তেল নিঃসরণ হয়নি। সংঘর্ষের পর পরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।’
বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কাণ্ডারি-৮’ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিং এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে নির্দেশ দেয়া হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


