ঢাকার জলাবদ্ধতা নিরসনে পাঁচ দশকে ৯ পরিকল্পনার বাস্তবায়ন হয়নি একটিও
জুলাই ২৮, ২০২৬
তালিকাভুক্ত কোম্পানি পরিচালন মুনাফাকেও ছাড়িয়ে গেছে সুদ পরিশোধের ব্যয়
জুলাই ২৮, ২০২৬৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সরকারের সময়ে জেলা প্রশাসকসহ (ডিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এছাড়া তাদের প্রায় সবাই ২০১৮ সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে তারা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারীরা হলেন তৎকালীন চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খান, কুমিল্লার মো. আবুল ফজল মীর, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, নেত্রকোনার মঈনউল ইসলাম, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নাটোরের মো. শাহরিয়ার, শরীয়তপুরের কাজী আবু তাহের, চাঁপাইনবাবগঞ্জের এ জেড এম নুরুল হক, ময়মনসিংহের মো. মিজানুর রহমান, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, রাঙ্গামাটির এ কে এম মামুনুর রশিদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, সুনামগঞ্জের মো. আব্দুল আহাদ, পাবনার মো. জসিম উদ্দিন, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, খাগড়াছড়ির মো. শহিদুল ইসলাম, ফেনীর মো. ওয়াহিদুজ্জামান।
এ তালিকায় আরো রয়েছেন ওই সময়ের বরিশালের ডিসি এসএম অজিয়র রহমান, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, নীলফামারীর নাজিয়া শিরিন, রাজশাহীর এসএম আব্দুল কাদের, মাগুরার মো. আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবীর মুরাদ, কিশোরগঞ্জের মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনার কলি মাহবুব, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, মানিকগঞ্জের এসএম ফেরদৌস, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশ।
এর আগে গত বছরের ১৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছিল। সে সময় তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগে ও পরে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের মধ্যে কারো বয়স ২৫ বছর হলে সরকার চাইলে তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।


