
বৈশ্বিক পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাতে পারে বাংলাদেশ
জুলাই ৩, ২০২৬
উরুস এসই পারফরম্যান্ট ‘বিশ্বের দ্রুততম’ সুপার এসইউভি উন্মোচন ল্যাম্বরগিনির
জুলাই ৩, ২০২৬ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি-ভর্তি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা করা হয়েছে। বিইআরসির এক আদেশে নতুন এ মূল্য ঘোষণা করা হয়, যা গতকাল সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও আদেশে বলা হয়।
বিইআরসি জানিয়েছে, জুলাইয়ের জন্য সৌদি আরামকোর ঘোষিত কক্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এ মাসে প্রোপেনের সিপি প্রতি টন ৫৮০ ও বিউটেনের ৬০০ ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে দুই গ্যাসের গড় সিপি হয়েছে ৫৯৩ ডলার। পাশাপাশি এলপিজি আমদানিতে প্রতি টনে ১৮০ ডলার জাহাজ ভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮ পয়সা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ১২ কেজি ছাড়াও সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯১০, ১৬ কেজির ২ হাজার ৩৭, ১৮ কেজির ২ হাজার ২৯১, ২০ কেজির ২ হাজার ৫৪৬, ২২ কেজির ২ হাজার ৮০১, ২৫ কেজির ৩ হাজার ১৮৩, ৩০ কেজির ৩ হাজার ৮১৯, ৩৩ কেজির ৪ হাজার ২০১, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ ও ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৭৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কমিশন। এছাড়া কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা থাকবে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।


