
এসএমই খাতের বিকাশে ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরো বলেন, রেল খাতে ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেয়েছে। নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন এই রেলপথ নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রাসময় ৫ ঘণ্টা থেকে সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসবে। এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন, ইলেকট্রিক ট্রেন এবং উচ্চগতির রেল সংযোগের পরিকল্পনাও রয়েছে
দেশের যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিক, নিরাপদ ও সমন্বিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ৪৮ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ১০৬টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ লাখ পেশাজীবী চালকের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। রাজধানীর যানজট কমাতে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এছাড়া পুরোনো বাস পর্যায়ক্রমে প্রত্যাহার করে বিদ্যুচ্চালিত বাস চালু, সমন্বিত টিকিটিং ব্যবস্থা (র্যাপিড পাস) এবং নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
বাজেট বক্তৃতায় সেতু ও এক্সপ্রেসওয়ে খাতে দ্বিতীয় যমুনা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পিপিপি ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কথা জানান অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরো বলেন, রেল খাতে ঢাকা-চট্টগ্রাম কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা বিশেষ গুরুত্ব পেয়েছে। নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন এই রেলপথ নির্মিত হলে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাত্রাসময় ৫ ঘণ্টা থেকে সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসবে। এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন, ইলেকট্রিক ট্রেন এবং উচ্চগতির রেল সংযোগের পরিকল্পনাও রয়েছে।
নৌ ও বিমান পরিবহন খাত নিয়ে তিনি বলেন, নৌপরিবহন খাতে চট্টগ্রাম, মোংলা ও মাতারবাড়ী বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বে-টার্মিনাল, পতেঙ্গা ও লালদিয়া কন্টেইনার টার্মিনালের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে বেসামরিক বিমান চলাচল খাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি এবং বিভিন্ন আঞ্চলিক বিমানবন্দরের সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ বিমানের জন্য ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আয় জিডিপির ১০ দশমিক ২ শতাংশের সমান।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।


